রেলস্টেশন ও বাস কাউন্টারে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে যাত্রীরা। তাই রেলস্টেশন ও বাস কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় ছিল। আজ মঙ্গলবার থেকে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গতকাল চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা গেছে, আসনের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ বেশি যাত্রী নিয়ে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। গতকাল সকালের দিকে আন্তনগর সুবর্ণ, মহানগর প্রভাতী, পাহাড়িকা, চট্টলা, বিকেলে গোধূলী ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে চড়ে যাত্রীরা গন্তব্যে যাত্রা করে। বাংলাদেশে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসেই কেবল আসনসংখ্যার বাইরে যাত্রী পরিবহন করা হয় না।

রেলওয়ে সূত্র জানায়, আজ মঙ্গলবার শবে কদরের বন্ধের কারণে অনেকেই নাড়ির টানে বাড়ির দিকে যাবেন। এ জন্য ট্রেনে আসনের দেড় গুণের বেশি যাত্রী পরিবহন হতে পারে। আসনভিত্তিক ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে বিক্রি হয়ে গেছে। তবে দাঁড়িয়ে যাওয়ার স্ট্যান্ডিং টিকিট যাত্রার কয়েক ঘণ্টা আগে কাউন্টার থেকে ছাড়া হচ্ছে।

চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে তিল ধারণের যেন ঠাঁই ছিল না। গতকাল চট্টগ্রাম স্টেশনে গাদাগাদি করে যাত্রীদের ওই ট্রেনে চড়ে চাঁদপুরে যেতে দেখা গেছে। বৃহত্তর বরিশাল ও চাঁদপুরের যাত্রীরা এই ট্রেন ব্যবহার করে আসছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গতকাল সোমবার যাত্রীদের চাপ ছিল কম। তাই সুশৃঙ্খলভাবে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হতে পেরেছে। শবে কদরের ছুটির দিন থেকে যাত্রীদের প্রচণ্ড চাপ বাড়তে থাকে। আমরা আসনভিত্তিক টিকিট ১০ দিন আগেই ছেড়ে দিয়েছি। স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে নিয়ে ট্রেনে উঠতে পারবে।’

 এদিকে বাস কাউন্টারগুলোতেও গতকাল ভিড় দেখা গেছে। আগাম টিকিট কিনে যাত্রীরা কাউন্টারে উপস্থিত হন। তবে অনেক গাড়ি নির্দিষ্ট সময়ে যাত্রা করতে পারেনি বলে যাত্রীরা জানিয়েছেন। বাস কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দেড়-দুই ঘণ্টা বেশি লেগে যাচ্ছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা গাড়িগুলো যানজটের কারণে পাঁচ-ছয় ঘণ্টা দেরি করছে। এ কারণে চট্টগ্রাম থেকেও দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা হতে হচ্ছে। ঢাকাগামী যাত্রী আবুল হোসেন স্টেশন সড়কের বিআরটিসি কাউন্টারে প্রথম আলোকে বলেন, ‘সকাল ১০টায় ঢাকায় যাওয়ার টিকিট কিনেছিলাম। গাড়ি পথে যানজটে আটকা পড়ায় আমাদের যাত্রাও পিছিয়ে গেছে।’