
কাউন্টার খুলবে সকাল আটটায়। কিন্তু এর বহু আগেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে ভিড়ের বিস্তৃতি স্টেশনের প্রবেশপথ পর্যন্ত। ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার ট্রেনের ২২ জুনের যাত্রার টিকিট কিনতে কমলাপুর রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়।
এবার ঈদের তিন দিনের সরকারি ছুটি শুরু হবে ২৫ জুন। এর আগের দুদিন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি। তাই এবার ছুটি মূলত শুরু হচ্ছে ২৩ জুন। এ জন্য ঈদের বাড়ি ফেরা লোকজনের কাছে ২২ জুন বৃহস্পতিবারের টিকিটের চাহিদা ছিল বেশি।
স্টেশনে টিকিট কিনতে আসা লোকজন অভিযোগ করেন, সকাল আটটায় বিক্রি শুরু হওয়া মাত্রই শীতাতপনিয়ন্ত্রিত টিকিট শেষ বলে কাউন্টার থেকে জানানো হয়। দেড় ঘণ্টার মধ্যে রাজশাহী ও চট্টগ্রাম রুটের বেশির ভাগ আন্তনগর ট্রেনের টিকিট শেষ হয়ে যায়।
সকাল আটটায় স্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টার খোলামাত্রই টিকিটপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। অপেক্ষমাণদের কেউ কেউ গত মঙ্গলবার ইফতারের পর থেকে সারিতে আছেন বলে জানান। অধিকাংশই এসেছিলেন ভোরে সাহ্রির পর। অবশ্য দুপুর সাড়ে ১২টার দিকে টিকিটপ্রত্যাশীদের ভিড় কমে যায়।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নুরুন্নবী গত মঙ্গলবার রাত আটটায় স্টেশনে আসেন। কাউন্টারের সামনে বসে ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে টিকিট পান। তিনি বলেন, ‘এসি কামরার টিকিট চেয়েছিলাম। রাজশাহীর ট্রেনে দৈনিক কয়েক শ এসি টিকিট থাকে। আমার আগে মাত্র ২০-২৫ জন টিকিট নিয়েছেন। তাঁরা সবাই এসি টিকিট নিলেও টিকিট শেষ হওয়ার কথা না।’
সকাল সাড়ে নয়টার দিকে টিকিট বিক্রি কার্যক্রম দেখতে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি সাংবাদিকদের বলেন, এসি কামরার টিকিট সংখ্যা সীমিত হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। স্টেশনে কোনো ধরনের কালোবাজারি নেই। অনলাইনে নির্ধারিত পরিমাণ টিকিট দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এবার রেল ২৫-৩০ হাজার বেশি যাত্রী পরিবহন করবে।
মন্ত্রী জানান, যাত্রীদের চাপ বেশি থাকায় পার্বতীপুর এবং রাজশাহী স্পেশাল নামে ঈদের বিশেষ দুটি ট্রেন ২৩ জুনের পরিবর্তে ২২ জুন থেকে চলবে।
গতকাল নারীদের লাইনে বেশ ভিড় ছিল। টিকিটের জন্য আগের রাতে আসা নারীদের অনেকেই ক্লান্ত হয়ে মাটিতে কাগজ বিছিয়ে বসে পড়েন। নারীদের জন্য টিকিটের নির্ধারিত কাউন্টার ছিল দুটি। যা অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীর তুলনায় কম। তাই পুরুষদের তুলনায় নারীদের লাইন এগোচ্ছিল ধীরগতিতে।
দুই মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন মনোয়ার বেগম। ভোর চারটার দিকে তিনি লাইনে দাঁড়িয়েছেন। তিনি বলেন, এখন ১০টা বাজে। টিকিটের জন্য ছয়-সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকা কষ্টের। এর মধ্যে ধাক্কাধাক্কি। কলেজে ভর্তি, বাসের টিকিট—সবকিছুই অনলাইনে করা যায়। রেলের টিকিট ব্যবস্থা অনলাইনে করে দিলেই ভালো হয়।
২৬ জুন ঈদ ধরে নিয়ে ট্রেনের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত সোমবার। আজ বুধবার বিক্রি হবে ২৩ জুনের যাত্রার টিকিট। আগামীকাল ও পরশু যথাক্রমে ২৪ ও ২৫ জুনের টিকিট বিক্রি হবে। প্রতিদিন ২২ হাজার ১২২টি অগ্রিম টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে।
এদিকে গতকালও অনেকে বাসের অগ্রিম টিকিট কেনেন। গতকাল বেশি বিক্রি হয়েছে ২১ জুনের যাত্রার টিকিট। টিকিটের দাম কাউন্টার ভেদে ৫০ থেকে ১৫০ টাকা বেশি রাখা হয়েছে বলেও যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন।
গাবতলীর হানিফ কাউন্টার থেকে টিকিট কেনেন মো. হাচানুজ্জামান শাহ। তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার জন্য ২২ ও ২৩ তারিখের টিকিট খুঁজছিলাম। না পাওয়ায় ২১ তারিখ সকালের টিকিট কিনলাম। সব সময় ৫৫০ টাকা দিয়ে টিকিট কিনলেও গতকাল কিনতে হয়েছে ৬৫০ টাকা দিয়ে।
এ বিষয়ে হানিফের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি রাখার সুযোগ নেই। অন্য সময়ে কিছু রুটের ভাড়া নির্ধারিত তালিকার চেয়ে কম রাখা হয়। ঈদের সময় একদিকে যাত্রী চলাচল করায় নির্ধারিত ভাড়াটাই নেওয়া হয়।