রেলস্টেশনে ঢোকার পথে আবর্জনার স্তূপ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রেলস্টেশনে ঢোকার একমাত্র সড়কের পাশে উন্মুক্ত বিশাল এলাকাজুড়ে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এসব ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনা রেলস্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালেও স্টেশনে ঢোকার সময় নাকে কাপড় দিয়ে আসতে হয়েছে। গাড়ির ও বাজারের সমস্ত ময়লা-আবর্জনা ওখানে ফেলার কারণে এ অবস্থা হয়েছে। সিটি করপোরেশন ঠিকমতো পরিষ্কার করলে ওই অবস্থা থাকত না।’গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, খুলনা রেলস্টেশনে ঢোকার মুখেই ট্রাকসহ অন্যান্য যানবাহন থামার স্থানে রাস্তার উত্তর পাশে বিশাল জায়গাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা, নষ্ট ফলমূল, তরিতরকারি ও শাকসবজির স্তূপ। ময়লার স্তূপের পচা কাদাপানি রাস্তার অর্ধেক পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ট্রাক ও গাড়ি থেকে ওই নর্দমার পাশেই শাকসবজি ও তরিতরকারি নামানো হচ্ছে। আর তাদের নষ্ট মালামালগুলো ওই খোলা জায়গায় ফেলা হচ্ছে। এর কাছেই প্রচণ্ড দুর্গন্ধের মধ্যেও চলছে কয়েকটি হোটেলসহ খাবারে দোকান। খুলনা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন (কনজারভেন্সি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে এম তাসাদ্দুকুজ্জামান বলেন, ‘ওই জায়গায় ময়লা ফেলার জন্য সিটি করপোরেশন থেকে ময়লা ফেলার স্থান (ডাস্টবিন) নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। তখন ওখানে ময়লা-আবর্জনা দেখা যাবে না।’খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, ‘ওখানে ডাস্টবিন নির্মাণের জন্য ৪০ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’