রেলস্টেশনের বিশাল গাছটি রাতারাতি উধাও!
সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম দিক থেকে বড় আকারের একটি গাছ (রেইনট্রি) রাতের আঁধারে কেটে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে গাছটি কাটা হয়।কেটে ফেলা গাছটির ডালপালাসহ বিভিন্ন অংশ ওই রাতের মধ্যেই ট্রাকযোগে অন্যত্র সরিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গাছটির গোড়ার অবশিষ্ট অংশ বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত স্টেশনমাস্টারের সঙ্গে সমঝোতা করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গাছটি কেটে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের এক ব্যবসায়ী বলেন, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে স্টেশনমাস্টারের উপস্থিতিতে মঙ্গলবার রাতে গাছটি কাটা হয়।ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সিরাজ মিয়া বলেন, ‘রেললাইনের পাশের সড়ক সম্প্রসারণের জন্য গাছটি কাটা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় পোলাপাইন বলেছে, গাছ কাটলে কোনো অসুবিধা হবে না। তাই বাধা দিইনি। রাতের বেলা তারা গাছটি কেটে নিয়ে গেছে। গাছ বিক্রির সঙ্গে আমি জড়িত নই।’