রেলিং ভেঙে বাস খাদে, একজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস সেতুর রেলিং ভেঙে সড়কের পাশের গভীর খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন।
বাসটিতে আরও যাত্রী আটকা পড়ে আছে বলে স্থানীয় ব্যক্তিরা আশঙ্কা করছেন। হাসপাতালে ভর্তি আহত লোকজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত কিশোরের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রিজার্ভ করা বাসটিতে চড়ে ঢাকায় ফিরছিল এর যাত্রীরা। তাদের সবাই পরস্পর আত্মীয় পরিজন বলে জানা গেছে।
বাসটি মহাসড়কের ছোট একটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা ১৫ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে গেছে। রাত নয়টার দিকে তিতাস গ্যাসের একটি বড় ক্রেন দিয়ে বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছিল।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের আট কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার শাহ আলম ঘটনাস্থলে আছেন।