রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো মাহবুবুর রহমান (১২), তারেক মিয়া (১০) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।
মাহবুবুরের ঠিকানা জানা যায়নি। তারেক গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ভাড়া করা বাসটিতে করে ঢাকায় ফিরছিলেন যাত্রীরা। তারা পরস্পর আত্মীয় বলে জানা গেছে।
বাসটি উপজেলার বেড়তলা এলাকায় পৌঁছার পর সেতুর রেলিং ভেঙে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা যাত্রীদের খুঁজতে উদ্ধারকাজ শুরু করে। প্রথমে ২০ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তারেক মিয়ার মৃত্যু হয়।
রাত সাড়ে ১০টার দিকে ওই খাদ থেকে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১২টার দিকে আরও একজনের মৃত্যু হয়। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটির চালক ও তাঁর সহকারীসহ মোট যাত্রী ছিলেন ৫৮ জন।