রেলে অবৈধ ক্রসিং, দুই-তৃতীয়াংশ বৈধ ক্রসিংয়েও ঘটছে দুর্ঘটনা
রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে বিভিন্ন সড়কের ওপর যতগুলো পারাপার (লেভেল ক্রসিং) রয়েছে, তার দুই-তৃতীয়াংশই অবৈধ বা অনুমোদনহীন। অবৈধ পারাপারের পাশাপাশি বৈধ পারাপারেও দুর্ঘটনা ঘটছে নিয়মিত। গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটে যে লেভেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস লাইনে উঠে পড়া ট্রাকের কারণে দুর্ঘটনায় পড়েছে, সেটিও বৈধ। এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর সীতাকুণ্ডের বারবকুণ্ডে প্রগতি ইন্ডাস্ট্রিজের সামনের অনুমোদিত লেভেল পারাপার অতিক্রমের সময় কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় পাঁচ জিপ আরোহী নিহত হয়েছিলেন। তাঁরা সবাই প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মচারী ছিলেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলে গত বছর পর্যন্ত ১৩৫৫টি লেভেল পারাপার ছিল, যার মধ্যে ৮৪৫টিই অনুমোদনহীন। রেলওয়ের নিয়মকানুন না মেনে বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় যানবাহন ও জনসাধারণের পারাপারের জন্য এসব পারাপার করা হয়। এ ক্ষেত্রে পারাপার করার শর্তগুলো মানা হয় না বলে রেল কর্তৃপক্ষের অভিযোগ।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘রেল কর্তৃপক্ষের বাইরে কোনো প্রয়োজনে যদি লেভেল পারাপার করতে হয়, তাহলে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সিগন্যাল নির্মাণ খরচের পাশাপাশি গেটম্যান নিয়োগ ও তাঁর এক বছরের মজুরি প্রদান করার নিয়ম রয়েছে। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা এটা মানেন না। তাঁরা যখন-তখন যেখানে-সেখানে পারাপারের ব্যবস্থা করে দিচ্ছেন। আমাদের পক্ষে তো এত ক্রসিংয়ে লোক নিয়োগ করা সম্ভব নয়। এতে দুর্ঘটনা ঘটছে।’রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘বৈধ বা অবৈধ যা-ই হোক না কেন, দায়িত্বশীল গেটম্যান না থাকলে দুর্ঘটনা ঘটবে। দায়িত্বে অবহেলার জন্য আমরা আমাদের নিয়োগ করা গেটম্যানের বিরুদ্ধে কিংবা অন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এতগুলো অবৈধ লেভেল ক্রসিংয়ে আমাদের গেটম্যান নিয়োগের সামর্থ্য কোথায়?’জানা গেছে, স্থানীয় সরকারের অধীনে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা অবৈধ লেভেল ক্রসিংগুলো নির্মাণ করে। রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত আটটি বৈধ ক্রসিংয়ের বিপরীতে ৫৬টি অবৈধ পারাপার রয়েছে। দিন দিন এটা বাড়ছে।’