রেলে কনটেইনার পরিবহন বাড়াতে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয় বাড়ানোর জন্য চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ (আইসিডি) সারা দেশের বিভিন্ন গন্তব্যে কনটেইনার ও পণ্য পরিবহন বাড়াতে ব্যবহারকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহাম্মদ সভাপতিত্ব করেন। এতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, শিপিং এজেন্ট, কনটেইনার অ্যাসোসিয়েশন ও চেম্বারসহ বিভিন্ন সংস্থা ও ব্যবহারকারীদের প্রতিনিধিরা। আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মহাব্যবস্থাপকের কার্যালয়ে বৈঠক চলে।
বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের আমদানি ও রপ্তানির পণ্যবাহী কনটেইনার রেলপথে পরিবহন বাড়ানোর তাগিদ দেন। রেলে পণ্য পরিবহন নিরাপদ ও খরচ কম বলে ব্যবহারকারীদের বলা হয়। এ ছাড়া রেলে কনটেইনার পরিবহন বাড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে এবং চুরির আশঙ্কা থাকবে না। সাধারণত সড়কপথে কনটেইনার পরিবহনের সময় আমদানি-রপ্তানির মালামাল খোয়া যায় বলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে।
বৈঠক সূত্রে জানা গেছে, পণ্য পরিবহনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচটি রেক (প্রতিটি রেকে একটি ইঞ্জিন ও ৩০টি ওয়াগন) দিয়ে কনটেইনার পরিবহন করে আসছে। কনটেইনার পরিবহন বাড়ানোর জন্য আরও ২০০ ওয়াগন আনা হয়েছে। এর সঙ্গে আরও তিন-চারটি নতুন ইঞ্জিন যুক্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পরিচালন সময় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে বৈঠকে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জানানো হয়।
বৈঠক প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহাদাত আলী প্রথম আলোকে জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের বেশির ভাগ অংশ ডাবল ট্র্যাক (পাশাপাশি দুটি লাইন) হয়ে গেছে। ফলে রেলের পরিচালন সময় অনেক কমে গেছে। এই অবস্থায় রেলের কনটেইনার পরিবহন অনেক বাড়ানো সম্ভব। তাই ব্যবহারকারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁরা এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।
সরদার সাহাদাত বলেন, ‘কনটেইনার পরিবহন বাড়ানোর জন্য আমরা আরও ২০০ ওয়াগন বহরে যুক্ত করেছি। যদি রেলপথে কনটেইনার পরিবহন বাড়ানো যায় তাহলে আমাদের আয় বাড়বে। আর মহাসড়কের ওপর গাড়ির চাপ কমবে।’