রেলে ছারপোকা থাকবে না: রেলমন্ত্রী

রেলে ছারপোকা থাকবে না এবং সেবা বাড়বে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘রেলের মান ও সেবা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী তিন বছরের মধ্যে সেগুলোর উন্নয়ন দৃশ্যমান হবে।’
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ রেলওয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রেলের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের বর্ণনা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, সারা দেশের সব রেললাইন ডাবল হবে।
রেলের সেবা সম্পর্কে মুজিবুল হক বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। আমরা সেই সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। যাত্রীরা অভিযোগ করেছেন ছারপোকা আছে, আসনগুলো খুব খারাপ, পাখা চলে না। আমরা সব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি। যেসব আসন খারাপ সব বদলে ফেলব। জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ২০০ কোচ আনা হবে। এগুলো হয়ে গেলে ছারপোকা থাকবে না।’
চারদলীয় জোট সরকারের সময় রেলের উন্নয়নে কাজ হয়নি—এমন অভিযোগ করে মুজিবুল হক বলেন, রেলের উন্নয়নে ৩৫টি প্রকল্প নেওয়া হয়েছে। শূন্যপদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্টেশনগুলো আধুনিক করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে রেলওয়ে এক্সপেস চালু করা হবে। যার ফলে দ্রুত সময়ে যাওয়া-আসা করা যাবে।
চলতি বছর বিএনপি-জামায়াত নাশকতা চালিয়ে রেলের অনেক ইঞ্জিন, বগি পুড়িয়েছে। নাশকতাকারীদের লক্ষ্য ছিল রেল। এতে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ঘটনায় করা মামলায় এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।