রেলে চোরাকারবারি চক্রের বেপরোয়া বিচরণ এবং ভারতীয় পণ্য জব্দ ও তল্লাশি করার নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা রেল থামিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী রেল চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।জানা গেছে, দিনে-রাতে সৈয়দপুর, পার্বতীপুর থেকে ঢাকা, খুলনা ও রাজশাহী রেলপথে আন্তনগর, মেইল ও লোকাল মিলে মোট ২২টি রেলগাড়ি চলাচল করে। এসব রেলগাড়ির প্রায় সব কটিতেই চোরাকারবারিরা ভারতীয় পণ্য বহন করে। চোরাই পণ্য বহনের ক্ষেত্রে তারা এতই বেপরোয়া যে যাত্রীদের বসার আসন, গাড়ির মাঝ বরাবর চলাচলের স্থান, এমনকি শৌচাগারগুলোয় মালামাল বোঝাই করে রাখা হয়। শৌচাগার ব্যবহার করতে না পেরে যাত্রীদের অনেকে বেকায়দায় পড়ে।যাত্রীবাহী রেলগাড়ি না থামিয়ে তল্লাশি চালানো এবং চোরাকারবারিদের প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ৪ এপ্রিল রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিপ অপারেটিং সুপারিনটেনডেন্ট একটি পত্র পাঠান। রাজশাহী বিভাগীয় কমিশনার ও চোরাচালান প্রতিরোধে আঞ্চলিক টাস্কফোর্সের আহ্বায়কের কাছে পাঠানো ওই পত্রে উল্লেখ করা হয়, চোরাই পণ্য আটকের নামে পাঁচবিবি রেলস্টেশনে বিজিবি সদস্যরা মেইল ও আন্তনগর এক্সপ্রেস ট্রেনে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালান। এতে যাত্রীদের অসহনীয় ভোগান্তির শিকার হতে হয়। ফলে স্বাভাবিক ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি রেলের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। এতে যেমন রেলের আয়ের ওপর বিরূপ প্রভাব পড়ছে, তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।ওই পত্রে দেখা যায়, গত ২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা পাঁচবিবি রেলস্টেশনে ৫৬টি যাত্রীবাহী রেলগাড়িতে ৫৬ বারে মোট ৩৩ ঘণ্টা ১২ মিনিট তল্লাশি চালিয়েছেন। এ সময় একটি যাত্রীবাহী ট্রেন টানা দুই ঘণ্টা ২২ মিনিট পর্যন্ত আটকে রাখার ঘটনাও ঘটেছে। ২১ ফেব্রুয়ারি রাজশাহীগামী ৩২ ডাউন উত্তরা মেইল ট্রেনটি ওই দীর্ঘ সময় ধরে আটকে রাখেন বিজিবির সদস্যরা।সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন অভিযোগ করেন, ৭ এপ্রিল একজন নায়েক সুবেদারের নেতৃত্বে বিজিবির সদস্যরা একটি রেলগাড়ি (আন্তনগর তিতুমীর এক্সপ্রেস) থেকে পুলিশের জব্দ করা মালামাল কেড়ে নিয়ে যান। এ ছাড়া আইন অনুযায়ী চোরাই পণ্য জব্দ করার ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় বিজিবি সদস্যরা কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করেন না।এদিকে বিজিবির (সাবেক বিডিআর) আইনে উল্লেখ আছে, চোরাই পণ্য জব্দ করার পর সেই মালামালের প্রতিবেদন প্রস্তুত করে একটি অনুলিপি রেখে তিনটি অনুলিপি মালামালসহ সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে। কিন্তু সম্প্রতি বিজিবি ওই আইনের কোনো তোয়াক্কা করছে না।বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রেলওয়ে কর্তৃপক্ষের সব অভিযোগ ঠিক নয়। শুধু বিজিবির তল্লাশির কারণে ট্রেনের বিলম্ব হয়, এ তথ্য ঠিক না। চোরাকারবারিরা যেখানে-সেখানে ট্রেন থামিয়ে মালামাল তোলে। তিনি দাবি করেন, রেলওয়ে পুলিশের করা অভিযোগও ঠিক নয়। কারণ, ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে রেলগাড়ি তল্লাশি করা হয় এবং জব্দ করা মালামাল নিয়মানুযায়ী কাস্টম কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।তবে সান্তাহার জিআরপি থানার ওসি জসিম উদ্দিন জানান, রেলে তল্লাশি করে ভারতীয় মালামাল জব্দ করলেও বিজিবি সদস্যরা কখনো সেগুলো থানায় জমা দেন না বা কোনো মামলা করেন না।