রেলে তল্লাশির নামে হয়রানি
ট্রেনে চোরাকারবারি চক্রের বেপরোয়া বিচরণ এবং ট্রেন আটকে বিজিবি ও র্যাবের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালানোর কারণে রেলওয়ে পশ্চিমাঞ্চলের যাত্রীরা ট্রেনে যাতায়াতে আগ্রহ হারাচ্ছে। তল্লাশির কারণে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহীগামী আন্তনগর ট্রেনসহ সব মেইল ও লোকাল ট্রেন ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ রেল চলাচল স্বাভাবিক রাখতে বিজিবি, জিআরপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানালেও আশানুরূপ সাড়া না পাওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।জানা গেছে, প্রতিদিন সৈয়দপুর, পার্বতীপুর, রংপুর, লালমনিরহাট ও নীলফামারি থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীর পথে আন্তনগর, মেইল ও লোকাল মিলিয়ে মোট ২৪টি ট্রেন চলাচল করে। এসব ট্রেনের প্রায় সবকটিতেই চোরাকারবারিরা ভারতীয় পণ্য বহন করে। ভারতীয় পণ্য বহনের ক্ষেত্রে চোরাকারবারিরা এতই বেপরোয়া যে তারা যাত্রীদের বসার আসন থেকে শুরু করে মালামাল রাখার স্থানও তাদের অবৈধ মাল দিয়ে দখল করে রাখে। যাত্রীদের অভিযোগে জানা গেছে, ট্রেনে কেউ চোরাকারবারিদের অবৈধ কাজের প্রতিবাদ করলে তাঁকে চোরাকারবারিদের হাতে নাজেহাল হতে হয়। গত ২০ সেপ্টেম্বর জয়পুরহাট স্টেশনে র্যাব আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায়। একতা ট্রেনের যাত্রী বাদশা মিয়া বলেন, চোরাকারবারিদের অত্যাচার এবং র্যাব ও বিজিবি সদস্যদের তল্লাশির নামে হয়রানির কারণে যাত্রীরা রেলপথে যাতায়াতের আগ্রহ হারাচ্ছে। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, তল্লাশি নিয়ম অনুযায়ী করা উচিত, ইচ্ছেমতো ট্রেন আটকে তল্লাশি করে যাত্রী হয়রানি করা উচিত নয়। রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক পঙ্কজ সাহা বলেন, ট্রেনযাত্রীদের দুর্ভোগ লাঘবে র্যাব ও বিজিবিকে ট্রেন চলা অবস্থায় তল্লাশি চালাতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো অনুরোধ রাখে না। বরং তল্লাশি আরও বাড়িয়েছে।