রেলে নতুন চাকরি পাওয়া ৮২ জন শ্রমিক লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চাকরি পেয়ে একযোগে রেল শ্রমিক লীগে যোগদান করেছেন পাবনার ঈশ্বরদী রেলের ৮২ শ্রমিক-কর্মচারী। তাঁদের সঙ্গে সংগঠনটিতে যোগ দেন পুরোনো ২৮ শ্রমিক-কর্মচারী। গতকাল শনিবার ওই ১১০ শ্রমিক-কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে রেল শ্রমিক লীগে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানের আয়োজন করে রেল শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখা। এতে সভাপতিত্ব করেন রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি আবু তালেব। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের এই শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান, পাকশী শাখার সাধারণ সম্পাদক আজিমুদ্দিন মণ্ডল, জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
ঈশ্বরদী রেল শ্রমিক লীগ সূত্রে জানা গেছে, রেলওয়ের চাকরিতে নতুন যোগ দেওয়া ওই ৮২ জনের ৫২ জন ওয়েম্যান। বািক ৩০ জন অন্য বিভাগের শ্রমিক-কর্মচারী। গত ৪ সেপ্টেম্বর থেকে তাঁরা পর্যায়ক্রমে রেলের চাকরিতে যোগ দেন। এঁদের পরিবারের অনেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেই বিবেচনায় মোট ৮২ জন নতুন শ্রমিক-কর্মচারীকে রেল শ্রমিক লীগে যোগদান করতে দল থেকে আমন্ত্রণ জানানো হয়।
এ ছাড়া পুরোনো ২৮ জন শ্রমিক-কর্মচারীকেও রেল শ্রমিক লীগে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। পুরোনো ওই ২৮ জন বিএনপি ও অন্য শ্রমিকসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল বেলা একটার দিকে জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলীর ঈশ্বরদী রেল কার্যালয়ের সামনে ওই ১১০ শ্রমিক-কর্মচারীকে রেল শ্রমিক লীগের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় ও সদস্যপদ প্রদান করা হয়।
ঈশ্বরদী রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল হাসান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হওয়ায় দলের প্রতি খুশি হয়ে তাঁরা রেল শ্রমিক লীগে যোগ দিয়েছেন।
অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ও ঈশ্বরদী নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য আবুল কালাম আজাদ গতকাল প্রথম আালোকে বলেন, ‘রেলে নতুন নিয়োগ পাওয়া ৮২ জন শ্রমিক-কর্মচারীর একযোগে একটি রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়া ট্রেড ইউনিয়নের আদর্শ ও নৈতিকতাবিরোধী বলে আমার মনে হয়।’