রেলে নাশকতা প্রতিরোধে ৮,৩২৮ আনসার নিয়োগ
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলের নাশকতা প্রতিরোধে রেলপথ মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে রেলে নাশকতা প্রতিরোধে এক হাজার ৪১টি পয়েন্টে আট হাজার ৩২৮ জন আনসার নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবিসহ জিআরপি, আরএনবি নিয়োজিত আছে। নিরাপত্তা বাহিনী সর্বদা নাশকতাকারীদের প্রতিরোধে কাজ করছে।
আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুজিবুল হক এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের বিভিন্ন স্থাপনা, রেলপথ, সড়কপথের ক্ষতি করছে। অবরোধের নামে আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। রেলওয়েকে স্বাধীনতাবিরোধীরা প্রধান লক্ষ্য করে ধ্বংস করছে।’ সাধারণ জনগণকে জাতীয় সম্পদ রেলকে রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান বলেন, ‘যাঁরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছেন, তাঁদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে। যারা আমাদের দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, আমাদের দেশকে ধ্বংস করে দিতে চায়, তাদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠান শেষে রেলে নাশকতার প্রতিবাদে কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পদযাত্রা করা হয়। এতে মুজিবুল হক, শাজাহান খানসহ রেলওয়ের কর্মকর্তা ও স্থানীয় শ্রমিক লীগের নেতারা অংশ নেন।