রেলে নাশকতা, যোগাযোগ বিঘ্নিত

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার রেলপথে নাশকতার কারণে ট্রেন চলাচলে কার্যত বিপর্যয় নেমে আসে। বিভিন্ন স্থানে রেললাইন, স্লিপার উপড়ে ফেলা ও ফিশপ্লেট খুলে ফেলা এবং রেলপথে আগুন ধরানোর কারণে অনেক ট্রেন মাঝপথে আটকা পড়ে। হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
ময়মনসিংহের গৌরীপুরে রেললাইন উপড়ে ফেলায় হাওর এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। ঈশ্বরদীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিনটি স্থানে দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলায় রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের সঙ্গেও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে। উত্তরাঞ্চলেও নাশকতার কারণে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন থাকে।
ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হলেও তাঁদের দীর্ঘ কয়েক ঘণ্টা স্টেশনে দুঃসহ সময় কাটাতে হয়।
রেলওয়ে সূত্রের বরাত দিয়ে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
অবরোধকারীরা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাইলাকান্দায় রেললাইনের সংযোগ পিন (ফিশপ্লেট) খুলে ফেলায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি গতকাল ভোর পৌনে চারটার দিকে লাইনচ্যুত হয়। এতে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হন। এরপর ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়া পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গৌরীপুর স্টেশনের স্টেশনমাস্টার মো. তারেক বলেন, ১৪২টি স্লিপার রেললাইন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া, চাপিয়া ও সালদা নদী এলাকায় প্রায় দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলেন অবরোধকারীরা। এতে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এসব স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো মাঝপথে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। অবরোধকারীরা ইমামবাড়ী স্টেশনের সিগন্যাল পোস্ট বন্ধ করে দেয় ও স্লিপার তুলে ফেলে। সকাল নয়টা ২০ মিনিটে স্টেশনে আটকাপড়া চট্টলা ট্রেনের ইঞ্জিন ভাঙচুর করা হয় ও দুটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বগি দুটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পুলিশ কনস্টেবল সুমন আহত হন।
এর প্রভাব পড়ে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে। কমলাপুর স্টেশনের স্টেশনমাস্টার খায়রুল বশীর দাবি করেন, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কমলাপুর থেকে সব ট্রেনই ছেড়ে গেছে।
তবে বেলা তিনটার পর চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন গোধূলী, চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। ঢাকা থেকে রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও খুলনাগামী ট্রেনগুলোও আধা ঘণ্টা থেকে ৫০ মিনিট দেরিতে কমলাপুর ছেড়েছে।
দুপুরে কমলাপুরে পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী মুজিবুল হক দাবি করেন, অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেনি। ২১টির মধ্যে ১৭টি ট্রেন ঠিক সময়ে কমলাপুর ছেড়েছে, ১৮টির মধ্যে ১৩টি ঠিক সময়ে এসেছে। বিভিন্ন স্থানে অবরোধের নামে নাশকতার নিন্দা জানান তিনি। তিনি বলেন, রেলের ইঞ্জিন, বগি, লাইন কারও ক্ষতি করেনি। কিন্তু এর পরও রেলের ওপরই যত আক্রমণ করে বিরোধীরা।
কসবায় লাইন উপড়ে ফেলায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। ভোরে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, সকালে মহানগর প্রভাতী, কর্ণফুলী ও মহানগর গোধূলীর যাত্রা বাতিল করা হয়। সিলেট থেকে বিকেল পর্যন্ত ট্রেন সেখানে পৌঁছায়নি। সকাল ও বিকেলে চাঁদপুরগামী দুটি ট্রেনই চট্টগ্রাম থেকে যাত্রা করে। কিছু লোকাল ট্রেন চলাচল করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, ঢাকা ও সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আটটি ও মালবাহী চারটি ট্রেন মাঝপথে আটকা পড়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, আখাউড়া ও কুমিল্লার মাঝামাঝি ইমামবাড়ীতে রেললাইন উৎপাটনের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের ট্রেনগুলো আটকা পড়ে।
চাঁদপুর শহরের আক্কাছ আলী এলাকায় সকালে রেললাইনে অগ্নিসংযোগ এবং স্লিপার তুলে সড়ক অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ থাকে।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে ঈশ্বরদী জংশনের পশ্চিম ইয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দাঁড়িয়ে থাকা আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিতে ঢুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই একটি বগি সম্পূর্ণ এবং দুটি বগির বেশির ভাগ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশনের সুপারিনটেনডেন্ট রেলওয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জংশন ইয়ার্ডে অবরোধকারীরা একটি মোটর ট্রলি ভাঙচুর ও দুটি ইঞ্জিনে হামলা করলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
সোমবার মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশনের অদূরে শালমারায় রেললাইনের ক্লিপ ও স্লিপার খুলে ফেলায় রাত দুইটা ৪০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়া লালমনিরহাট থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। সকাল নয়টায় লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভোরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের অদূরে ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেল ক্রসিংয়ে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার থেকে আসা পদ্মরাগ এক্সপ্রেসের হোস পাইপ খুলে আলতাফনগর স্টেশনে আটকে দেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ১০টার দিকে ট্রেনটি ছেড়ে এসে নশরৎপুর স্টেশনে আটকা পড়ে। দুপুরের দিকে ট্রেনটি বগুড়া স্টেশন ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে গাবতলী রেলস্টেশনে করতোয়া এক্সপ্রেস আটকে দেন অবরোধকারীরা। রেলপথের কয়েক কিলোমিটারজুড়ে রেলের সংকেত বা তারবার্তা পাঠানোর তার কেটে দেওয়া হয়।
আদমদীঘির সান্তাহার জংশনের দক্ষিণে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও পিন খুলে ফেললে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রূপসা এক্সপ্রেস ও খুলনাগামী রকেট মেইল আটকা পড়ে। লাইন মেরামতের পর প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় অবরোধকারীরা নাটোর রেলস্টেশনে স্টেশনমাস্টারের কক্ষের টেলিফোন সেট ভেঙে ফেললে ওই স্টেশনের সঙ্গে অন্যান্য স্টেশনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বেলা সোয়া দুইটা পর্যন্ত নাটোর স্টেশনে কোনো ট্রেন ঢোকেনি।
যশোরের সদর উপজেলার রূপদিয়া ও অভয়নগর উপজেলার সিঙ্গিয়ায় রেললাইন অবরোধ করায় পার্বতীপুরগামী রকেট মেইল নওয়াপাড়ায় আটকা পড়ে। রূপদিয়ায় রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেশ কিছুক্ষণ যশোর স্টেশনে আটকে ছিল।
বগুড়া রেলস্টেশনে গত রাত সোয়া নয়টার দিকে অবরোধকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় যাত্রীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় স্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যান। স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাত ১১.৫০ মিনিটে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা পার্বতীপুর-খুলনা রুটের রকেট মেইল ট্রেনের ইঞ্জিনরুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানোর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।