রেলে নিয়োগ বাণিজ্য: মৃধাকে আবারও দুদকের দায়মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসুফ আলী মৃধা
ইউসুফ আলী মৃধা

বাংলাদেশ রেলওয়ের সাময়িক বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে নিয়োগ দুর্নীতির আরও একটি মামলা থেকে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি মৃধাকে বাদ দিয়ে কমিশন একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
এ নিয়ে দুদকের ছয়টি মামলা থেকে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিল কমিশন। সবগুলো মামলাতেই মৃধা এজাহারভুক্ত আসামি হিসেবে থাকলেও অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান তদন্ত শেষে চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার ও নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক চন্দন কুমার রায়কে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ইউসুফ আলী মৃধা নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি তার দৈনন্দিন কার্যক্রম হিসেবে এসব নিয়োগ অনুমোদন করেছেন মাত্র। তিনি এ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তদন্তে এ ধরনের কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি মামলার দায় থেকে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করে দুদক। রেলের সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধাসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
২০১৪ সালের জুলাই মাসে ইউসুফ আলী মৃধাকে আরও তিনটি মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেছে দুদক। ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় ওই তিনটি মামলা করা হয়। বাংলাদেশ রেলওয়েতে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার ও কোর্ট ইন্সপেক্টর পদে নিয়োগ দুর্নীতির দায়ে মামলাগুলো দায়ের করে কমিশন।
এ ছাড়া ২০১৩ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। ২০১৪ সালের জুন মাসে ওই মামলার চার্জশিট থেকে তাঁর নাম বাদ দিয়ে তা আদালতে দাখিল করে দুদক।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। রেলের ‘কালো বিড়াল’ খোঁজার ঘোষণা দিয়ে আলোচিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ব্যাপক সমালোচনায় পড়েন। তাঁকে সরিয়ে দেওয়া হয় রেল মন্ত্রণালয় থেকে। টাকার বস্তাসহ আটক মৃধার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।
২০১১ সালে রেলের পূর্বাঞ্চলে ২৫ টি শ্রেণিতে ১ হাজার ১৭৭ জনের বিপরীতে ১ হাজার ১১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। রেলের কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, কোর্ট ইন্সপেক্টর, টিকিট ইস্যুয়ার, সহকারী কেমিস্ট, সহকারী লোকোমাস্টার, ট্রেড অ্যাপ্রেনটিস, ফুয়েল চেকার ও টুলকিপারসহ ২৫ শ্রেণিতে নিয়োগে অনিয়মের অভিযোগে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২০১২ সালে দুদক ১৪ টি মামলা দায়ের করে। এসব নিয়োগের উত্তরপত্র ও টেব্যুলেশন শিটে ঘষামাজা ও কাটাকাটিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই সব অনিয়ম করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলা হওয়ার পর দেড় বছর পলাতক থাকলেও ইউসুফ আলী মৃধাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন চট্টগ্রাম কারাগারেই আছেন মৃধা।
এর আগে ১৪ টি মামলার মধ্যে পাঁচটিতে মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়। সবগুলো অভিযোগপত্রেই বলা হয়, অনুমোদনকারী কর্মকর্তা হিসেবে দৈনন্দিন কার্যক্রমে এসব নিয়োগ অনুমোদন করেছেন ইউসুফ আলী মৃধা। তাঁর বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি।