রেলে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ রেলওয়েতে অনিয়মতান্ত্রিকভাবে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ হয়েছে। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক গতকাল সোমবার এ বিক্ষোভ করেন। পরে তাঁরা রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) বরাবর একটি স্মারকলিপি দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৮টি উপকারখানা (শপ) ও ওপেন লাইনের (বহিরাঙ্গন) প্রায় আড়াই হাজার শ্রমিক ও ঝাড়ুদার (সুইপার) বিক্ষোভ মিছিল বের করেন। ব্যানার ও ঝাড়ু হাতে নিয়ে তাঁরা কারখানা প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক কার্যালয়ের সামনে তাঁরা সমাবেশ করেন। এতে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন, শ্রমিক লীগের (কারখানা শাখা) সদস্য জহিরুল ইসলাম, হরিজন নেতা মহাজন বাঁশফোড় প্রমুখ।
ওই স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মী পদে যে নিয়োগ হয়েছে, তা বিধিসম্মত নয়। এতে কোনো কোটা মানা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী ঘোষিত ৮০ ভাগ জাত সুইপার কোটা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষিত হয়েছে। নেত্রকোনার মুসলমান দুই বোনকে সুইপার পদে এবং টাঙ্গাইলের সেলিম নামের একজনকে অনিয়ম করে হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) ও স্টেশনের ওয়েটিং রুম বেয়ারার হিসেবে দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্মারকলিপিতে তাঁরা এ নিয়োগ বাতিল করে নতুনভাবে কোটা পূরণের দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার দেন।
রেলের পূর্বাঞ্চলের জিএম মকবুল হোসেনকে লেখা স্মারকলিপিটি গ্রহণ করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন ও ওপেন লাইন শাখার সম্পাদক মো. রফিকুল ইসলাম।
ডিএস নূর আহাম্মদ হোসেন স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।