রেলে শৃঙ্খলা আনতে ১১ বিষয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। এ বৈষম্য দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের মানুষ পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলমকে বদলি করে পশ্চিমাঞ্চলে আনা হয়েছে। রেলব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১১টি অতি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার রাতে দিনাজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কম খরচে সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা হলো রেল। কিন্তু এটাই সবচেয়ে অবহেলিত। লোকবল-সংকটের কারণে ১৪৬টি স্টেশন বন্ধ হয়ে আছে। বেশির ভাগদুর্ভোগ পশ্চিমাঞ্চলে। ইতিমধ্যে সাত হাজার লোকবল নিয়োগ করা হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বিদ্যমান সড়কের সব গর্ত ও ভাঙাচোরা মেরামত করা হবে। এ ছাড়া তিনি দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিমের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের রেলপথ ও সড়কপথের প্রয়োজনীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন।এ সময় সাংসদ আজিজুল হক চৌধুরী, সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মো. নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।