রেলে সেবা না বাড়িয়ে ভাড়া বাড়ালে যাত্রী কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর বছর ভাড়া বাড়লে রেলের যাত্রী কমে যাবে বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি মনে করে, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে নতুন ইঞ্জিন ও কোচ এনে, সেবা বাড়িয়ে এবং দক্ষ প্রশাসন দিয়ে রেলওয়ের লোকসান কমানোর পাশাপাশি একে ধীরে ধীরে লাভজনক করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘আমরা কথায় কথায় ভারতের উদাহরণ দিলেও ভারত কীভাবে রেল খাতে উন্নয়ন করেছে, তা কাজে লাগাতে চাই না। দাতাদের পরামর্শে দক্ষ লোক ছাঁটাই করা হয়েছে। এখন আবার ঋণের শর্ত অনুযায়ী ভাড়া বাড়ানো হচ্ছে। অথচ দাতারা যে ঋণ দেয়, তা পরামর্শক হিসেবে নিয়ে নেয়। পাশাপাশি দুর্নীতি ও লুটপাটে এই অর্থ চলে যায়। ফলে লাভের চেয়ে লোকসানই বেশি। একইভাবে পাট খাতও ধ্বংস করা হয়েছিল।
আনু মুহাম্মদ বলেন, রেল সবচেয়ে নিরাপদ। সবচেয়ে কম খরচ। মালামাল পরিবহনে রেলকে গুরুত্ব দিলে খরচও কমত, চাঁদাবাজিও বন্ধ হতো। কিন্তু রেলপথ না বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সড়কে, ফ্লাইওভারে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, রেলের বর্তমান প্রশাসন অথর্ব। তাদের দ্রুত বদলানো দরকার। এরপর বিশেষজ্ঞদের নিয়ে যাত্রীদের চাহিদা নিরূপণ করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ রেলওয়ে আজ তলা ফুটো কলসিতে পরিণত হয়েছে। ভাড়া বৃদ্ধি করে রেলের লোকসান কমানো বা লাভজনক করা যেকোনোভাবে সম্ভব নয়, তা ২০১২ সালে ব্যাপক ভাড়া বৃদ্ধির পর প্রমাণিত হয়েছে। তিনি রেলের যাত্রীসেবার মান বাড়ানোর দাবি জানান।
বাসদের নেতা রাজেকুজ্জামান রতন নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণের জন্য রেলভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।