রেলের অগ্রিম টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ অক্টোবর থেকে দেওয়া হবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
গতকাল মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। এর আগে রেলের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রেলমন্ত্রী।
এদিকে বাসমালিকেরা আজ বুধবার অগ্রিম টিকিট বিক্রির দিন-তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন।
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবর যাত্রার টিকিট। এভাবে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি টিকিটের যাত্রা শুরু হবে ঈদের দুই দিন পর থেকে।
রেলওয়েতে সাধারণত ঈদের অগ্রিম টিকিট বিক্রি হয় শুধু ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট স্টেশনে। ফিরতি টিকিট এই তিন স্টেশন ছাড়াও রাজশাহী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে বিক্রি হয়।
রেলমন্ত্রী আর চিরকুমার থাকছেন না: ৬৭ বছর বয়সে বিয়ে করার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ব্যক্তিগত বিষয়ে বলতে চাই না। তবে কথা সত্যি। সময়মতো সব বলব। তবে চিরকুমার আর থাকছি না।’
সবাইকে দাওয়াত দিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলব না। বেশি কথা কওয়া যাইব না। কোনো রকমে রাজি করা হইছে, যদি আবার ফিরে যায়!’