রেলের অগ্রিম টিকিট তিন দিন আগে
আর ১০ দিন আগে নয়, যাত্রার তিন দিন আগে রেলের অগ্রিম টিকিট দেওয়া হবে। একজন সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন। টিকিটের কালোবাজারি রোধে নেওয়া এই সিদ্ধান্ত ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল মঙ্গলবার রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, ই-টিকিটিং বা ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রির প্রক্রিয়া দ্রুত চালু করা হবে।সুরঞ্জিত বলেন, টিকিট বিক্রি নির্ঝঞ্ঝাট ও সহজলভ্য করতে এবং কালোবাজারি নিরুৎসাহিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট কেনার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে কিছুটা সুবিধা-অসুবিধা থাকায় বিষয়টি বিবেচনাধীন।রেলমন্ত্রী বলেন, ‘২০ বছর ধরে রেলের ভাড়া না বাড়ানোয় অন্যান্য পরিবহনের সঙ্গে রেলের ভাড়ার পার্থক্য অনেক বেশি। ফলে বিভিন্ন স্থানে টিকিট কালোবাজারির খবর পাচ্ছি।’ বর্তমানে রেলের সংস্কার কর্মসূচিতে ২২ হাজার কোটি টাকার ৩৪টি প্রকল্প চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার আলোচনা চলছে।