রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন স্টেশনে অবৈধভাবে নির্মিত ১৫টি পাকা দোকানঘর গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) আহমাদুল হকের উপস্থিতিতে গতকাল বেলা ১১টা থেকে আখাউড়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ১৫টি পাকা দোকানঘর ভাঙা শুরু হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে আখাউড়া থানা, রেলওয়ে থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন নিয়োজিত ছিলেন।
এ সময় আখাউড়ার সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘অবৈধ দোকান উচ্ছেদ করায় মুক্তিযোদ্ধা সংসদ, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ খুশি। তবে রেলওয়ের যেসব কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল, সেই কর্মকর্তাদের শাস্তি দিতে হবে। নইলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
রেলওয়ে কর্মকর্তা আহমাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আখাউড়া রেল জংশনের রিকশা ও ভ্যান পার্কিংয়ের স্থানে পাকা দোকান তোলার কোনো অনুমোদন ছিল না। এই স্থাপনা স্টেশনের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তা ছাড়া আখাউড়ার সাধারণ মানুষ এই স্থাপনা উচ্ছেদের দাবি করেছে। তাই অবৈধ দোকানগুলো ভাঙা হয়েছে।’