রেলের আবাসিক ভবনের ৮০ ভাগ অবৈধ দখলে

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের কোয়ার্টারের (আবাসিক ভবন) ৮০ ভাগের বেশি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে পরিত্যক্তঘোষিত ৩৯৬টি ইউনিটও রয়েছে। এই অবস্থায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বেশি টাকায় অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী-কার্য-এর ২০১৫ সালের জুন মাসের প্রতিবেদন অনুসারে ঈশ্বরদীতে রেলওয়ের ৩৪২টি আবাসিক ভবনে ইউনিট রয়েছে ১ হাজার ২১২টি। এসব ইউনিটের ৮২ শতাংশ অবৈধ দখলে। রেলওয়ে ৩৯৬টি ইউনিট পরিত্যক্ত ঘোষণা করলেও সেগুলোতেও ঝুঁকি নিয়ে অবৈধভাবে মানুষ বসবাস করছেন।
আবাসিক ভবনগুলো ঘুরে জানা যায়, আবাসিক ভবনগুলো মূলত এক ও দুই ইউনিটের। এখানে বসবাসকারী বেশির ভাগ মানুষই নিম্ন আয়ের। কারা ভাড়া দিয়েছেন বা কত টাকায় ভাড়া দিয়েছেন, এসব বিষয়ে বসবাসকারী কেউ কিছু বলতে রাজি হননি। আর রেলের কর্মচারীরা বলছেন, বৈধ বসবাসকারী না থাকায় এসব ভবন থেকে রেলওয়ে কোনো ভাড়া পাচ্ছে না।
অবৈধ বাসিন্দা বাবলু মিয়া বলেন, ‘আমার বাবা রেলে কাজ করতেন। এখানে জন্মের পর থেকে আছি। যদি পারেন সরকারকে বলেন বিল্ডিংগুলো (ভবন) ঠিক করে দেয় যেন।’
রেলের কয়েকজন কর্মচারী বলেন, কোয়ার্টার না পাওয়ায় তাঁদের বাড়তি টাকা দিয়ে অন্যত্র বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে। আবার কোয়ার্টার থেকে কোনো ভাড়াও পাচ্ছে না রেলওয়ে। এতে একদিকে সরকার আয় হারাচ্ছে, অন্যদিকে কর্মীদের বেশি টাকা খরচ হচ্ছে। তা ছাড়া ভাড়া বাড়ি দূরে হওয়ায় অনেকে কর্মস্থলে দেরি করে আসছেন।
রেলওয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের বাসা প্রয়োজন, কিন্তু অবৈধ দখলদারের কারণে বাসা পাচ্ছি না। যাঁরা কোয়ার্টারগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে আছেন, তাঁদের কারণেই সেগুলো দখলমুক্ত হচ্ছে না।’
সহকারী ট্রেনচালক মোক্তার আলী মিঞা বলেন, ‘দখলের কারণে কোনো কোয়ার্টার খালি নেই। কর্তৃপক্ষের উদাসীনতা এর জন্য দায়ী। আমরা যাঁরা এখানে আছি, স্থানীয়দের ভয়ে তেমন কিছু বলতে পারি না।’
রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হাবিবর রহমান বলেন, ‘অনেকেই অনেক ধরনের কথা বলেন। কোয়ার্টার দখলে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো সম্পৃক্ততা কেউ প্রমাণ করতে পারে, তবে যা ব্যবস্থা নেওয়া হবে, তা মাথা পেতে নেব।’
আবাসিক ভবন দখলের বিষয়ে বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক বলেন, পরিত্যক্ত ভবনগুলো সংস্কারের কোনো পরিকল্পনা নেই। আর অবৈধ দখলদারের তালিকা বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়কে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তারা উচ্ছেদ অভিযান চালাবে।