রেলের আয় বেড়েছে সঙ্গে ভোগান্তিও
নেত্রকোনায় রেলপথে আয় বাড়লেও যাত্রীসেবার মান বাড়েনি। নিরাপদ ও কম টাকায় যাতায়াত করতে পারায় প্রচুরসংখ্যক যাত্রী প্রতিদিন এ রুটে চলাচল করে। তবে বগির সংখ্যা কম হওয়ায়, ট্রেনের শৌচাগারগুলো অপরিচ্ছন্ন থাকায় এবং রাতে ট্রেনের বগিতে বাতি না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।বাংলাদেশ রেলওয়ের নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে নেত্রকোনায় গৌরীপুর-শ্যামগঞ্জ-জারিয়া-ঝাঞ্জাইল এবং শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ স্থাপন করা হয়। স্থাপনের পর এসব রেলপথের তেমন কোনো সংস্কার হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ দুটি পথের ৯৩ কিলোমিটারে নতুন লাইন ও ১৩টি স্টেশনের নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের জন্য ১৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়। এখন পর্যন্ত ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ দুটি পথে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি লোকাল ও একটি মেইল। প্রতিটি ট্রেনে ছয়টি বগি আছে। বগিগুলোর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী। প্রতিটি বগিতে ৬৮টি আসন আছে। ট্রেনগুলো সকাল পৌনে আটটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলাচল করে। রেলওয়ে কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রেলপথের সংস্কার হওয়ায় আয় অনেক গুণ বেড়েছে। গত ২০১০-১১ অর্থবছরে নেত্রকোনা বড় স্টেশনের চার লাখ ৬১ হাজার ২১৭ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ছয় লাখ ৯৬ হাজার ১১২ টাকা রাজস্ব আদায় হয়েছে। নেত্রকোনা কোর্ট স্টেশনে ২০১০-১১ অর্থবছরে ছয় লাখ পাঁচ হাজার ৯২ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ১০ লাখ ৩৬ হাজার ১৬৭ টাকা আয় হয়েছে। দুই স্টেশনে এক অর্থবছরে ছয় লাখ ৬৫ হাজার ৯৭০ টাকা রাজস্ব আদায় বেড়েছে। বাকিগুলোর আয়ও আগের চেয়ে বেড়েছে।সরেজমিনে নেত্রকোনা কোর্ট স্টেশনে দেখা যায়, প্রতিটি বগিতে ধারণক্ষমতার অতিরিক্ত তিন গুণ যাত্রী উঠেছে। সকাল ও সন্ধ্যার সময় ট্রেনে ভিড় হয় বেশি। ট্রেনে প্রয়োজনীয়সংখ্যক টিকিট পরীক্ষক নেই। যাত্রী সোহেল রানা বলেন, ‘নেত্রকোনা থেকে মোহনগঞ্জে পাঁচ টাকায় যাওয়া যায়। বগির সংখ্যা কম থাকায় প্রচণ্ড ভিড়ে খুব কষ্ট হয়। রাতে বগিতে লাইট থাকে না। বগির শৌচাগারগুলো অপরিচ্ছন্ন থাকে।’মোহনগঞ্জ এলাকার একটি কলেজের প্রভাষক মিনা সরকার নিয়মিত যাতায়াত করেন এ পথে। তিনি বলেন, ‘প্রতিদিনই প্রচুর ভিড়ের মধ্যে কষ্ট করে যাতায়াত করতে হয়। আমার মতো অনেকেই নেত্রকোনা থেকে অফিস করেন। আসন, বগি ও শৌচাগারের সংখ্যা বৃদ্ধি এবং শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে যাত্রীদের ভোগান্তি কমত।’মোহনগঞ্জ এলাকার ব্যবসায়ী মো. বুলবুল ইসলাম বলেন, ‘প্রতিদিন প্রতিটি ট্রেনেই প্রচুর ভিড় থাকে। এ কারণে ট্রেনে উঠতে আমাদের ভীষণ কষ্ট হয়। এ দুটি পথে একটি আন্তনগর ট্রেন দিলে নেত্রকোনাসহ সুনামগঞ্জ এলাকার মানুষের উপকার হতো।’নেত্রকোনা বড় স্টেশনের স্টেশনমাস্টার সৈয়দ রাকিবুজ্জামান এবং কোর্ট স্টেশনের মাস্টার রফি উদ্দিন আহমদ বলেন, ‘রেললাইন সংস্কার ও সময়সূচি অনুযায়ী ট্রেন চলায় রেলের রাজস্ব আয় বেড়েছে। রেলের বগির সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।’