রেলের উচ্ছেদ অভিযানের সময় সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি সড়কে রেলওয়ে ছিন্নমূল বাস্তুহারা কলোনিতে আজ রোববার দিনভর উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ। উচ্ছেদের প্রতিবাদে কলোনির বাসিন্দারা পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করে আইস ফ্যাক্টরি সড়কটি অন্তত দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়া তাঁদের উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ইশরাত রেজা। তিনি বলেন, দিনভর অভিযানে রেলওয়ের দুই একর বেদখল ভূমি উদ্ধার করা হয়েছে। ২০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আইস ফ্যাক্টরি সড়কের পাশে রেলওয়ের জমিতে কাঁচা ও আধা পাকা ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করছিল দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে আসা নিম্ন আয়ের লোকজন। বুলডোজার এবং শ্রমিক লাগিয়ে একের পর এক স্থাপনা ভাঙা হচ্ছিল। উচ্ছেদ শুরু হওয়ার পর দৌড়াদৌড়ি করে বাসিন্দারা ঘরের আসবাব বের করতে তৎপর হন। কেউ টেবিল নিয়ে, কেউ টেলিভিশন, কেউবা খাট নিয়ে বের হন। আসবাব সরিয়ে এনে আইস ফ্যাক্টরি সড়কের দুই পাশে রাখতে শুরু করেন। এ সময় তাঁদের অনেকে উচ্ছেদের প্রতিবাদ জানান।
একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে কলোনির বাসিন্দারা আইস ফ্যাক্টরি সড়কে অবরোধ সৃষ্টি করেন। বেলা দুইটার পর পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয় থেকে সাতটি যানবাহন ভাঙচুর করা হয়।
জানতে চাইলে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, সড়কের দুই পাশে আসবাব রাখার কারণে সড়কটি বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা দু-একটি গাড়ি ভাঙচুর করেছে। ঘণ্টা খানেক পর সড়ক সচল করে দেয় পুলিশ।

কলোনির বাসিন্দা আলতাফ হোসেন (৫০) বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই কলোনিতে আছি। যে যতটুকু দখল করতে পেরেছে ,ততটুকুতে ঘর বেঁধে থাকে। কেউ কেউ ভাড়াও দিয়েছে। এখন আমাদের কোনো কিছু না জানিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। আমরা জিনিসপত্র বের করতে পারিনি।’
আমির হোসেন (৩৫) নামের এক রিকশাচালক বলেন, ‘আমাদের কোনো উচ্ছেদ নোটিশ না দিয়ে ঘর ভেঙে দিচ্ছে। আমি জন্ম থেকে এখানে আছি।’
বাসিন্দাদের অভিযোগ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ইশরাত রেজা বলেন, ‘আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া শুক্রবার ও শনিবার ওই এলাকায় মাইকিং করা হয়। তাঁদের অভিযোগের কোনো ভিত্তি নেই।’
এই কলোনিতে আগেও একবার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরে আবার বসতি গড়ে ওঠে। এ বিষয়ে ইশরাত রেজা বলেন, ‘ভূসম্পদ বিভাগের দায়িত্ব উচ্ছেদ করে জমির দখল নেওয়া। রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলওয়ে প্রকৌশল বিভাগের। আমরা তাদের জানিয়েছি।’
অভিযানে ১০০ পুলিশ এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।