রেলের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রেলের যাত্রীসেবা বাড়ানো এবং এই খাত আধুনিকায়নের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। গতকাল শনিবার সকালে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।রেলমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জুন, মধ্যমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে। এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে রেল খাত লাভজনক হলেও বাংলাদেশে বছরে প্রায় ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে। এই খাতে দুর্নীতি নেই, এ কথা বলব না। মাত্র দায়িত্ব নিয়েছি। তাই সেবাটাকেই অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে অন্য কিছু দেখব।’ স্বল্পমেয়াদি পরিকল্পনা: এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকা-নারায়ণগঞ্জ পথে এক জোড়া কমিউটার ট্রেন চালু করা হবে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর অনুরোধে এই ট্রেনের একটি করে কামরা নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া ঢাকা-জয়দেবপুর, সিলেট-ছাতক বাজার সেকশনে কমিউটার ট্রেন, সিলেট-ঢাকা পথে আরও একটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। ঢাকা-চট্টগ্রাম পথে নতুন আন্তনগর ট্রেন চালুর সম্ভাব্যতা এবং ঢাকা-কিশোরগঞ্জ পথে চালু আন্তনগর ট্রেনের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এই পরিকল্পনায় ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ পথে একটি আন্তনগর ট্রেন দেওয়ার চেষ্টা করা হবে। নতুন কিছু রেললাইন ও স্টেশন নির্মাণ করা হবে। মধ্যমেয়াদি পরিকল্পনা: এর মধ্যে আছে রেলওয়ের পূর্বাঞ্চলের ফৌজদারহাট-সিজিপিওয়াই-এসআরভি-চট্টগ্রাম সেকশনের পুনর্বাসন, সৈয়দপুর-চিলাহাটি সেকশন পুনর্বাসন, ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার সেকশন পুনর্বাসন, একটি এমজি ও বিজি ক্রেন সংগ্রহ, ১৬৫টি বিজি ট্যাঙ্ক ওয়াগন সংগ্রহ প্রভৃতি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা: ঢাকা-টঙ্গী ডুয়েল গেজ তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ। টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন, ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রভৃতি।সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সময়মতো ট্রেন চলাচল ও ট্রেনের পরিচ্ছন্নতা তাঁর অগ্রাধিকার। তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তনগর ট্রেনের সময়ানুবর্তিতা গড়ে ৪৪ থেকে ৭০ ভাগ, মেইল ট্রেন ৫৫ থেকে ৬৯ ভাগ, লোকাল ৫৮ থেকে ৭০ ভাগে উন্নীত হয়েছে।