চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৩ এপ্রিল ২০ কেজি গাঁজাসহ বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার হয়েছিলেন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে গতকাল বুধবার তাঁদের একজন রানা দাশ চট্টগ্রাম বিচারিক হাকিমের আদালত থেকে জামিন পেয়েছেন। তাঁর এই জামিন নিয়ে চট্টগ্রাম আদালতের কৌঁসুলিরা প্রশ্ন তুলেছেন।আদালত সূত্র জানায়, পাঁচ কেজি বা এর কম ওজনের গাঁজাসহ কেউ গ্রেপ্তার হলে হাকিম জামিন দিতে পারেন। সাধারণত জামিন পাওয়ার ক্ষেত্রে ওই আসামিকে কয়েক মাস হাজতে থাকতে হয়। পাঁচ কেজি বা এর বেশি গাঁজা পাওয়া গেলে আসামিকে সাধারণত এক বছর পর্যন্ত হাজতে থাকতে হয়। বিচারিক হাকিমেরা সাধারণত এর আগে জামিন দেন না।এ ব্যাপারে জানতে চাইলে আসামি রানার কৌঁসুলি মো. আফতাবউদ্দিন বলেন, ‘আমি আমার মক্কেলের জন্য হাকিমের কাছে জামিন চাইতে পারি। জামিন দেওয়ার এখতিয়ার হাকিমের। এ ব্যাপারে আমার বলার কিছু নেই।’চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংশ্লিষ্ট আসামির সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সাজা হয়। আর এসব মামলায় বিচারিক হাকিম থেকে হাইকোর্টের বিচারপতি সবার জামিন দেওয়ার এখতিয়ার আছে। তবে বিচারিক হাকিমের আদালতে সাধারণত আসামিরা জামিন পান না। এটা এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। চট্টগ্রাম রেলওয়ের নিরাপত্তা কর্মী বিচারিক হাকিমের আদালত থেকে জামিন পেলে তাঁকে নজিরবিহীন বলতে হবে।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বিশেষজ্ঞ ও চট্টগ্রাম আদালতের কৌঁসুলি সাইদুল হক বলেন, ‘২০ কেজি গাঁজাসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার হন। বিচারিক হাকিমের আদালত থেকে দুই সপ্তাহের মধ্যে তাঁদের একজন জামিন পেয়েছেন, যা বিস্ময়কর। আমার জানা মতে, এত দ্রুত নিম্ন আদালতের বিচারক সাধারণত জামিন দেন না।’ রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ১৩ এপ্রিল রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য রানা দাশ (২৩) ও আনছার আলীসহ (৫০) পাঁচজন কুমিল্লার শর্শদী থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চট্টগ্রাম স্টেশনে আসেন। তাঁরা জগন্নাথগঞ্জ ঘাট থেকে ছেড়ে আসা ৩৮ নম্বর নাছিরাবাদ ট্রেন ব্যবহার করেন। ১৩ এপ্রিল রাতে ট্রেনটি চট্টগ্রাম পুরোনো স্টেশনে পৌঁছায়।পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রানা দাশ ও আনছারকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। ব্যাগে করে তাঁরা গাঁজা এনেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যাগ ভর্তি গাঁজাসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পোশাকধারী দুই সদস্য পালিয়ে যান। রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য তিন আসামি হলেন রণধীর মজুমদার, রকিবুল হাসান ও জহির।