রেলের ওভারপাসে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার শাসনগাছায় রেলের ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার শাসনগাছায় রেলের ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বিকল্প কোনো ব্যবস্থা না করেই কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ চলছে এক বছর ধরে। এ কারণে শহরের পশ্চিমাঞ্চলের প্রবেশপথ বন্ধ থাকায় প্রতিদিন হাজারো মানুষকে আধা কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। উপরন্তু বিকল্প রাস্তাগুলো কালভার্ট তৈরির নামে কেটে রাখা হয়েছে। এতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা কার্যালয়ের অন্তত তিনজন প্রকৌশলী জানান, কুমিল্লা শহরের শাসনগাছা রেলক্রসিং দিয়ে প্রতিদিন ১৯টি ট্রেন ৩৮ বার আসা-যাওয়া করে। এতে ওই লাইনের ওপর দিয়ে যাতায়াতকারী যানবাহনকে কমপক্ষে দিনে ছয় ঘণ্টা ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এই সমস্যা সমাধানের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২০১৪-১৫ অর্থবছরে ওই এলাকার জন্য একটি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়।
সওজ সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি ওভারপাসের কাজ শুরু হয়। ওই ওভারপাসের দৈর্ঘ্য ৬৩১ দশমিক ৫০ মিটার। এ কাজের জন্য ৪৯ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধজয়’ থেকে চার কিলোমিটার পূর্বে শাসনগাছা এলাকায় ওই ওভারপাস। চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সরেজমিন গত ৩১ জানুয়ারি সকালে দেখা গেছে, শাসনগাছায় ফুটপাতের ওপর দিয়ে পথচারীদের গা ঘেঁষেই মোটরসাইকেল যাচ্ছে। এতে পথচারীরা ক্ষোভ প্রকাশ করছেন। এ সড়ক ব্যবহার করেই ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লার দাউদকান্দি, হোমনা, চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার ও মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলায় যানবাহন চলে।
এ অবস্থায় কুমিল্লা শহরের বাদশা মিয়ার বাজার থেকে শাসনগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা হেঁটে যাত্রীদের যেতে হচ্ছে। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পশ্চিম পাশের সড়ক থেকে প্রতিদিন বাসে করে যাত্রীদের ওঠানামা করতে হয়।
স্থানীয় লোকজন জানান, বিকল্প পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি-ধর্মপুর সড়ক দিয়ে কুমিল্লা শহরে প্রবেশের সুযোগ রয়েছে। কিন্তু ওই সড়কের অবস্থা খুবই নাজুক। এ ছাড়া শাসনগাছা বাস টার্মিনাল
থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দক্ষিণের সড়ক দিয়েও শহরে প্রবেশ করা যেত। কিন্তু এ সড়কে গভীর খাদ রয়েছে। এ অবস্থায় এই সড়ক দুটি সংস্কার করলে দুর্ভোগ কিছুটা হলেও কমত।
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন বলেন, ‘শাসনগাছা রেলওয়ে ওভারপাসের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা শাসনগাছা থেকে ধর্মপুর ডিগ্রি কলেজের ওই সড়ক ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করছি। একই সঙ্গে ওই সড়কের কাজও শুরু হয়েছে। এতে সমস্যা সমাধান হয়ে যাবে।’