রেলের কোটি টাকার জমি দখলের প্রস্তুতি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেলওয়ের কোটি টাকা দামের ১৫ শতক জায়গা একটি ভুঁইফোড় সংগঠনের নামে জবরদখলের চেষ্টা চলছে। ইতিমধ্যে ওই জায়গায় সংগঠনটির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। পাকা অবকাঠামো নির্মাণ করতে গত রোববার সেখানে ফেলা হয়েছে ইট ও বালু।বদরগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের মুসাফিরখানা ও প্ল্যাটফর্ম ঘেঁষে ওই ১৫ শতক জায়গা অবস্থিত। রেল কর্তৃপক্ষ জায়গাটি পাকা প্রাচীর দিয়ে দীর্ঘদিন ধরে ঘিরে রেখেছেন। যাত্রীসাধারণের পয়োনিষ্কাশন সুবিধার জন্য সেখানে গণশৌচাগার করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত শনিবার দুপুরে ওই জায়গাটি জবরদখল করে নিতে এলাকার ভুঁইফোড় সংগঠন ‘বদরগঞ্জ ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ কাজে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোকামেঞ্চল হক চৌধুরী।রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, ওই জমিতে সাইনবোর্ডটি লাগানো হয়েছে। সেখানে ইট-বালু ফেলে রাখা হয়েছে।মোকামেঞ্চল হক চৌধুরী বলেন, ‘আমার বসার কোনো অফিস নেই। আমি লড়াই-সংগ্রাম করা মানুষ। ইতিপূর্বে সেখানে আমার অফিস ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রেল কর্তৃপক্ষ তা ভেঙে দেন। জায়গাটি সংগঠনের নামে ইজারা নেওয়া হয়েছে।’ তবে ইজারা নেওয়ার বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক সদস্য জানান, সাইনবোর্ড থাকবে সংগঠনের নামে। কিন্তু ওই জায়গায় পাকা অবকাঠামো তৈরি করে সভাপতি তা অফিস হিসেবে ব্যবহার করবেন। এ জন্য ইট-বালু রাখা হয়েছে। আজকালের মধ্যে ভিত্তি দেওয়া হবে।বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। আমার জানা মতে, এর নিবন্ধনও নেই।’ বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল মাজেদ বলেন, ‘ওই জমিটুকুর দাম বর্তমান বাজারে অন্তত কোটি টাকা। সেখানে স্টেশনের যাত্রীসাধারণের সুবিধার্থে গণশৌচাগার করার প্রস্তুতির কাজ চলছে। আমার জানামতে, ওই জায়গা বন্দোবস্ত দেওয়া হয়নি। জায়গা দখল করতে সংগঠনের নামে সেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি (এস্টেট) কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী বলেন, ‘রেলের ওই জায়গা বন্দোবস্ত দেওয়ার প্রশ্নই আসে না। জায়গা দখলের বৈধতা ওই সংগঠনের নেই। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নিতে রেলওয়ের কানুনগোকে নির্দেশ দেওয়া হবে।’