রেলের ক্ষতি ৩৬ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জামায়াত-শিবিরের নাশকতায় রেল বিভাগের প্রায় ৩৬ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা করা হয়েছে। এসব মামলার কয়েকজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় রাজশাহী রেলওয়ে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় আহত পশ্চিমাঞ্চল রেলের সহকারী ট্রেনচালক মাহবুবুর রহমানকে দেখতে তিনি গতকাল রাজশাহীতে আসেন। বিকেলে মন্ত্রী ওই হাসপাতালে এসে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁকে নগদ এক লাখ টাকা অনুদান দেন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হামিদুল মুলক জানান, পেট্রলবোমায় মাহবুবুরের শরীরের পেছনের অংশের কোমরের নিচ, সামনে পেট এবং বাঁ হাতের কিছু অংশ পুড়ে গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
এ সময় মন্ত্রীর সঙ্গে রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৮ জানুয়ারি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক মাহবুবুর পেট্রলবোমা হামলায় দগ্ধ হন।