রেলের গাছ ৫০০ টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম না মেনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলস্টেশনের একটি রেইনট্রি গাছ মাত্র ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। এলাকাবাসী গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ করেও গাছটি রক্ষা করতে পারেননি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম গত ৩০ ডিসেম্বর স্থানীয় মীরের পাড়া গ্রামের এক ব্যক্তির কাছে মাত্র ৫০০ টাকায় গাছটি বিক্রি করেন। ক্রেতা গতকাল সকালে গাছটি কাটতে গেলে এলাকাবাসী প্রতিবাদ করেন। গাছটি রক্ষার দাবিতে সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত কয়েক শ মানুষ স্টেশন এলাকায় বিক্ষোভ করেন। কিন্তু বিক্ষোভকারীরা চলে গেলে গাছটি কেটে ফেলা হয়। পরে এলাকাবাসী গাছটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাছটি জব্দ করেনি পুলিশ। স্থানীয় সমাজকর্মী বোরহান উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘গাছটি বহু বছরের পুরোনো। এ ধরনের গাছ বিক্রির আগে এলাকায় মাইকিং করে জানাতে হয়। এ ক্ষেত্রে তা মানা হয়নি।’উপসহকারী প্রকৌশলী মফিজুল বলেন, ‘গাছটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আমরা বিক্রি করে দিয়েছি।’ এত সস্তায় গাছটি বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।’ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, গাছ বিক্রির কোনো এখতিয়ার উপসহকারী প্রকৌশলীর নেই। উপসহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।