রেলের ছাদে যাত্রীবেশে ছিনতাইকারীরা
চট্টগ্রামে অবৈধভাবে রেলের ছাদে ওঠা যাত্রীদের সর্বস্ব লুট করে নিচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। মালামাল দিতে দেরি হলে যাত্রীদের ছাদ থেকে ফেলে হত্যাও করছে তারা। রেল পুলিশ বলছে, কোনো যাত্রীকে ছাদে উঠতে দেওয়া হচ্ছে না। রেলে যাত্রীবেশী ছিনতাইকারীদের ধরতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চলন্ত অবস্থায় এবং কোনো জায়গায় ধীরগতি হলে ছিনতাইকারীরা ট্রেনে উঠে পড়ছেন। ছাদ থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনার পর নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ ছাদে উঠতে না পারে।’
তিনি আরও বলেন, ‘ভাটিয়ারী ভাঙা ব্রিজ এলাকায় কাজ চলায় ট্রেন একটু ধীরগতিতে চলে। এ সুযোগে অনেকেই উঠে পড়ছে। এ জন্য ওই এলাকায় বিশেষ পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, ‘রেলে বিচ্ছিন্নভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছাদে ওঠা যাত্রীদের লক্ষ করে ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নিচ্ছে। ইতিমধ্যে ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছাদ থেকে ফেলে দুটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।’ গত চার মাসে ছিনতাইয়ের আটটি মামলা হয়েছে বলে ওসি জানান।
ছিনতাইকারী দলের নেতা নাজমুল এহসান সৈকত আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, নগরের পতেঙ্গা এলাকায় তাঁরা ছয়জন বসে ছিনতাইয়ের পরিকল্পনা করে থাকেন। পরিকল্পনামতো যাত্রীবেশে তাঁরা সীতাকুণ্ডের ভাটিয়ারী স্টেশনে চলে যান। ওইখানে গত ১০ মার্চ তাঁরা ঢাকাগামী মেইল রেল থামলে সেখানে উঠে পড়েন। দলে ছিলেন ইমরান হোসেন ওরফে সুজন, মফিজ ওরফে মুরাদ, সুমন, রকি ও জসীম। পরে সঙ্গে থাকা থলে থেকে ছুরি বের করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেন। জিনিস দিতে দেির করায় ছাদ থেকে দুজন ব্যক্তিকে মিরসরাই নিজামপুর এলাকায় ফেলে দেন। পরে শুনেছেন তারা মারা গেছে। ওই দিন রাত দুইটায় ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছালে তাঁরা নেমে যান। সড়কপথে চট্টগ্রাম চলে আসেন। এসে ছিনতাই করা মালামালগুলো নিজেরা ভাগ করে নেন পতেঙ্গা সৈকত এলাকায়।
ঘটনা স্বীকার করে অভিন্ন জবানবন্দি দেন এ ঘটনায় জড়িত ছিনতাইকারী দলের সদস্য ইমরান হোসেন, মফিজ ওরফে মুরাদ ও সুমন। গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এর খাস কামরায় চার ছিনতাইকারী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত রবিউল্লাহর বোন সুমি আক্তার প্রথম আলোকে বলেন, ‘টাকা কম থাকায় রেলের ছাদে উঠে আমার ভাই বাড়ি ফিরছিল। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লাশ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে তাকে।’
জড়িত আসামিদের শাস্তির দাবি করে তিনি বলেন, ‘আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’
পুলিশ সূত্র জানায়, ছিনতাইকারী চক্রের একটি দলকে গ্রেপ্তার করা হলেও তিন থেকে চারটি চক্র রয়েছে যাত্রীবেশে রেলে উঠে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। ছিনতাইয়ের শিকার হলেও ভুক্তভোগী ব্যক্তিরা থানায় মামলা না করায় পুলিশের নথিপত্রে ছিনতাইয়ের সঠিক সংখ্যা থাকে না।