জনগণের সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ-ব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় চালুর সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। সভায় বলা হয়, অবহেলিত বাংলাদেশ রেলওয়েকে বাঁচিয়ে রাখতে নতুন মন্ত্রণালয় জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও রেলের জন্য মন্ত্রণালয় রয়েছে। সভায় রেল যোগাযোগকে আধুনিকীকরণের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার সুপারিশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের প্রয়োজনীয় উন্নয়ন ও জনবল সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা এবং ওয়ার্কশপে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়। সভায় কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল যোগ দেন।