বাংলাদেশ রেলওয়ের জন্য ২৫০টি নতুন যাত্রীবাহী কোচ ও ১০টি ইঞ্জিন কেনা হচ্ছে। দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে এসব কেনা হবে। রেলসেবার মান আধুনিকায়ন, নিরাপদ ও আরামদায়ক করার জন্য এ দুটি প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ দুটি প্রকল্প অনুমোদন হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। অনুমোদিত প্রকল্প দুটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা। এর মধ্যে সরকার ৫৭৪ কোটি টাকা দেবে, বাকি ১ হাজার ৫৩৪ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে।
জানা গেছে, বর্তমানে মিটারগেজে চলার উপযোগী ১ হাজার ১৬৫টি যাত্রীবাহী কোচ রয়েছে। এর মধ্যে ৫৯১টির অবস্থা ভালো নয়। ফলে বাংলাদেশ রেলওয়ে আরামদায়ক ও নিরাপদ যাত্রীসেবা দিতে পারছে না। অন্যদিকে, ব্রডগেজে চলার জন্য রেলওয়ের ৩২৪টি কোচ রয়েছে, এর মধ্যে ৭৮টির অর্থনৈতিক আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হয়েছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, নতুন কোচ দিয়ে আন্তনগর ট্রেন চালানো হবে। এতে যাত্রীরা নিরাপদ, উন্নত ও আরামদায়ক রেলসেবা পাবে। আর স্থানান্তরিত পুরোনো কোচগুলো দিয়ে মেইল ট্রেন ও লোকাল ট্রেন চালানো হবে।
এদিকে পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলায় ৬১টি ছোট ও মাঝারি সেতু নির্মাণে ২ হাজার ৯১২ কোটি টাকার ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ নামের আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প একনেকে উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ ফুল চাষে আগ্রহ দেখান। এর জন্য প্রকল্প তৈরির পরামর্শ দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের মাটিতে হঠাৎ করে টিউলিপ চাষ হবে না। টিউলিপের জাত সহিষ্ণু মাটি কীভাবে তৈরি করা যায়, সে জন্য গবেষণা করার নির্দেশ দেন তিনি।
গতকালের একনেক সভায় ৬ হাজার ২৫১ কোটি টাকার মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৬৭৩ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫৭৮ কোটি টাকা প্রকল্প সাহায্য।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: আধুনিক সুবিধাসহ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) অফিস ভবন নির্মাণ; ঢাকা জেলার দোহার উপজেলাধীন আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণমূলক কাজ; সোনাপুর (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)-জোরারগঞ্জ (চট্টগ্রাম) সড়ক উন্নয়ন; শেরেবাংলা নগরে বাংলাদেশ জাতীয় সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ; বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প।