রেলের জমি আর ইজারা ও বিক্রি করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের জমি আর বিক্রিও করা হবে না, নতুন করে ইজারাও দেওয়া হবে না। একই সঙ্গে সারা দেশে রেলওয়ের জায়গা-সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং করণীয় নিয়ে একটি প্রস্তাবনা আগামী জুন মাসের মধ্যে করা হবে। এ জন্য এরই মধ্যে পরামর্শকও নিয়োগ করা হয়েছে।গত রোববার সংসদ ভবনে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, গোলাম মাওলা ও অপু উকিল সভায় যোগ দেন।সভায় বাংলাদেশ রেলওয়ের অবৈধ স্থাপনা অপসারণ ও বেদখল সম্পত্তি উদ্ধারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়, সারা বাংলাদেশে রেলওয়ের জমির জরিপ কার্যক্রম ও ভূমি ব্যবহার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী বছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে।সভায় বাংলাদেশ রেলওয়ের প্রতি ইঞ্চি জায়গার বাণিজ্যিক উপযোগিতা নিশ্চিত করে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এতে দেশের সড়ক যোগাযোগ ও মালবাহী পরিবহনব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রেলের জমি আর বিক্রি বা ইজারা দেওয়া হবে না। এতে কমিটি আশ্বস্ত হয়েছে।সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের দরপত্র কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।