রেলের জমি উদ্ধারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের বেহাত হওয়া জমি উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর বাসসের।

সভায় ট্রেনের টিকিট কাউন্টারে কালোবাজারি রোধে সিসিটিভি ক্যামেরা ব্যবহার, মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়। একই সঙ্গে যাত্রীদের নাম, ফোন নম্বরসহ তথ্য রাখার সুপারিশ করা হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় এবং জানানো হয়, রেলওয়ের প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি শতকরা ৫৮ ভাগ।

২৫ হাজার ৪০৭ কোটি টাকা ব্যয়ে বর্তমানে রেলের মোট ৪৬টি প্রকল্পের কাজ চলছে। এগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়েতে যাত্রীসেবার মান অনেক উন্নত হবে বলে সভায় জানানো হয়। কমিটির পক্ষ থেকে চলমান প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এবং খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।