রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁপাইনবাবগঞ্জে রেলের দখল করে নেওয়া ১৩ দশমিক ৮৮ কাঠা জমি থেকে অবৈধ স্থাপনা গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। কিছুদিন আগে জেলা মিনিবাস মালিক সমিতি মার্কেট করার জন্য ওই জমি দখল করে নেয়।গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (পশ্চিমাঞ্চল জোন) কিরণ চন্দ্র রায়, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তীসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে শ্রমিকেরা মার্কেট নির্মাণের উদ্দেশ্যে বাঁশ দিয়ে তৈরি করা অবকাঠামো ভেঙে ফেলেন।চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, মালিক সমিতিকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরানোর জন্য ৩ অক্টোবর এক সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেন রেলওয়ের সান্তাহার জংশনের কানুনগো গোলাম মোস্তফা। কিন্তু নির্ধারিত সময়সীমায় ১০ অক্টোবরের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।মনিরুল ইসলাম জানান, গত ১৮ সেপ্টেম্বর মালিক সমিতির নামে জিআরপি ফাঁড়িসংলগ্ন (পুরাতন চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর বাসস্ট্যান্ড) ১০ হাজার বর্গফুট জমি দখল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর জিডি করেন তিনি। এ নিয়ে ৪ অক্টোবর প্রথম আলোয় ‘রেলের জমি দখলের চেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ার বিষয়ে জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান বলেন, ‘আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছিলাম। এ জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরাইনি।’