রেলের জমি দখল করে চলছে মার্কেট নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর রেলস্টেশনের পাশে রেলের জমি দখল করে মার্কেট নির্মাণের কাজ চলছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. আজিজল বিশ্বাস মার্কেটটি নির্মাণ করছেন। আজিজল বিশ্বাসের দাবি, তিনি জমিটি ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছেন। কিন্তু রেল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই রেলস্টেশনের উত্তর দিকে একটি পুকুরপাড়ে ১৬ কক্ষের মার্কেট ভবনের নিচের অংশের কাজ শেষ হয়েছে। ইটের দেয়াল দিয়ে কক্ষ তৈরির কাজ চলছে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের ওই জমির দখল নিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আজিজল বিশ্বাসের সঙ্গে মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তির বিরোধ চলছে। দুজনই বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে জমিটি ইজারা নিয়েছেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এর মধ্যে হঠাৎ করেই গত মাসের শুরুর দিকে আজিজল বিশ্বাস জমিটিতে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন।বাংলাদেশ রেলওয়ে পাকশী অঞ্চলের ভূমি বিভাগ সূত্রে জানা গেছে, পুকুরসহ ওই জমির পরিমাণ ৪০ শতাংশ। ২০০৩ সালের ২৭ জুলাই আজিজল বিশ্বাস মৎস্য চাষের জন্য জমিটি ইজারা নেন। পরে তাঁর ইজারার মেয়াদ শেষ হলে ২০০৮ সালের ১৩ এপ্রিল মো. মিজানুর রহমানের বাবা মো. শমসের আলী নতুন করে জমিটি ইজারা নেন। ২০১০ সাল থেকে নতুন আর কোনো ইজারা চুক্তি হয়নি।মো. মিজানুর রহমান দাবি করেন, দীর্ঘদিন আগে তাঁর সৎমা মদিনা খাতুন বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ৯৯ বছর মেয়াদে জমিটি ইজারা নিয়েছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে জমিটি হলফনামা চুক্তিতে তাঁর বাবা মো. শমসের আলীকে হস্তান্তর করেন। পৈতৃক সূত্রে এখন তিনি এই জমির মালিক।মো. আজিজল বিশ্বাস দাবি করেন, ‘মদিনা খাতুনের কাছ থেকে আমি জমিটি কিনেছি। পরে আবার জমিডা আমি আলাদা ৯৯ বছরের জন্যি লিজ নিছি। এহন মার্কেট বানাচ্ছি। রেল যদি জমি ফেরত চায়, ফেরত দিয়ে দেব।’রেলওয়ের পাকশী অঞ্চলের দায়িত্বরত বিভাগীয় ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, প্রথমত, ইজারার জমি কেনাবেচা হয় না। দ্বিতীয়ত, রেল ৮০ দশকের পর থেকে ৯৯ বছরের জন্য জমি ইজারা দেয় না। ফলে যিনি মার্কেট নির্মাণ করছেন, তিনি অবৈধভাবেই কাজটি করছেন। খুব শিগগির তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।