রেলের জমি দখলের চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে রেলের ১৩ দশমিক ৮৮ কাঠা জমি দখলে নিয়েছে জেলা মিনিবাস মালিক সমিতি। মার্কেট নির্মাণের জন্য তাঁরা ওই জমিটি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুল ইসলাম অভিযোগ করেন, ১৮ সেপ্টেম্বর জেলা মিনিবাস মালিক সমিতি জিআরপি ফাঁড়ি সংলগ্ন (পুরোনো চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর বাসস্ট্যান্ড) ১০ হাজার বর্গফুট (১৩.৮৮ কাঠা) জমিতে মার্কেট নির্মাণের উদ্দেশ্যে বাঁশের খুঁটি পুঁতে দখল শুরু করে। খবর পেয়ে স্টেশনের জিআরপি ফাঁড়ির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাঁদের বাধা দেন। মার্কেট নির্মাণের জন্য সমিতির নেতারা বাঁশ দিয়ে অবকাঠামো গড়ে তুলেছেন। এ বিষয়ে সদর থানায় গত ২০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি পরদিন সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়। পাশাপাশি বিষয়টি তিনি রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাকে পশ্চিমাঞ্চল জোনকে (পাকশি) লিখিতভাবে জানান। তাঁর নির্দেশে গতকাল সোমবার রেলওয়ের সান্তাহার জংশনের কানুনগো গোলাম মোস্তফা তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন এবং জেলা প্রশাসককে বিষয়টি জানান। গোলাম মোস্তফা বলেন, জেলা প্রশাসক কে এম আলী আজম মিনিবাস মালিক সমিতিকে ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়ার কথা বলেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি তাঁদের নোটিশ দিয়েছেন। গোলাম মোস্তফা আরও জানান, মিনিবাস মালিক সমিতি নতুন করে দখল করা জমির পাশেই রেলের ৭৮০ বর্গফুট জমি ১৯৯০ সালে বাণিজ্যিকভাবে বন্দোবস্ত নেয়। সমিতি সেখানে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর বাসস্ট্যান্ড করে। ১৯৯৭ সাল পর্যন্ত ওই জমির খাজনা পরিশোধ করা হয়েছে। এরপর আর বন্দোবস্ত নবায়ন করা হয়নি। সম্প্রতি দখল করা জমির বাইরে ওই ৭৮০ বর্গফুট জমিও তারা দখলে রেখেছে। ওই জমিতে তাদের স্থাপনা রয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, ‘দখলের বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য লোক পাঠিয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মিনিবাস মালিক সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান জমি দখল করার কথা স্বীকার করে বলেন, ‘আমরা দখল না করলে আলীনগরের কিছু লোক ওই জমি দখল করে নিত। কেননা, ওই জমি বাসস্ট্যান্ড হিসেবে একসময় আমরাই ব্যবহার করতাম। ৭৮০ বর্গফুট জমি বন্দোবস্ত নবায়ন ও নতুন করে দখলে নেওয়া জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেছি। আবেদন গৃহীত না হলে জমি ছেড়ে দেওয়া হবে। আমরা আপাতত মার্কেট নির্মাণের কাজ বন্ধ রেখেছি।’জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, ‘যেহেতু জমিটি রেলওয়ের, সেহেতু সরাসরি জেলা প্রশাসনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে দখলের খবর পেয়ে আমিই ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।