রেলের জমি পুনর্দখল
আড়াই মাস না যেতেই বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের টিকিট বুকিং কার্যালয়ের পাশের রেলের জমি পুনরায় দখল করে দোকান বসানো হয়েছে। স্টেশন মাস্টার ও রেল শ্রমিক লীগ নেতাদের যোগসাজশে দখলদারেরা এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট তৎকালীন রেলমন্ত্রী ওবায়দুল কাদের সান্তাহার জংশন স্টেশন পরিদর্শনে এলে স্টেশন কর্তৃপক্ষ টিকিট বুকিং কার্যালয়ের পাশের রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে বিভিন্ন জাতের গাছের চারা লাগিয়ে দেয়।এলাকাবাসীর অভিযোগ, ১৫ দিন আগে ভুট্টু নামের এক দোকানদার সান্তাহার স্টেশন মাস্টারসহ স্থানীয় রেল শ্রমিক লীগের কয়েকজন নেতাকে টাকা দিয়ে উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল করে। ভুট্টু ওই স্থানে লাগানো একাধিক গাছ উপড়ে ফেলে এবং কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলে দুটি দোকান বসায়। তার মতো সেখানে আরও কয়েকজন সাত-আটটি দোকান বসিয়েছে।ভুট্টু স্টেশন মাস্টার ও রেল শ্রমিক লীগ নেতাদের টাকা দেওয়ার কথা অস্বীকার করে জানায়, সে নিজ উদ্যোগে রেলের জমিতে দোকান বসিয়েছে। গাছ উপড়ে ফেলা ও কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলার কারণ জানতে চাইলে সে কোনো মন্তব্য করেনি।নাম প্রকাশ না করার শর্তে স্টেশন এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের একাধিক দোকানদার জানায়, রেল শ্রমিক লীগের স্থানীয় কয়েকজন নেতা দোকানদারদের কাছ থেকে দলের নাম ভাঙিয়ে টাকা নিয়ে রেলের জায়গা বরাদ্দ দিয়েছেন। সান্তাহার রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ দাবি করেন, তিনি বা তাঁর সংগঠনের কোনো সদস্য কারও কাছে থেকে কোনো টাকা নেননি এবং কাউকে জায়গা দখলে সহায়তা করেননি। সান্তাহার জিআরপি থানার ওসি সাইদুর রহমান জানান, স্টেশন মাস্টারের কাছ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় তিনি কোনো উদ্যোগ নিতে পারেননি।সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার বদিউজ্জামান বলেন, জায়গাটি দখল হওয়ার পর তিনি এ বিষয়ে জিআরপি পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীকে চিঠি দিয়েছেন। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ না নেওয়ায় সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি।