রেলের জমিতে অবৈধ মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের পাশে রেলের প্রায় কোটি টাকার জমিতে অবৈধভাবে পাকা মার্কেট নির্মাণ করছেন এক ব্যক্তি। তিনি এক হাজার ৬০০ বর্গফুট জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে তিন হাজার বর্গফুট জমিজুড়ে ওই মার্কেট নির্মাণ করছেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মৌজার ১৩৩৪ নম্বর দাগের তিন হাজার বর্গফুট জমিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে। রেলওয়ের পোড়াদহ ১৩ নম্বর কাচারির ফিল্ড কানুনগো জিয়াউল হকসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এ কাজ করা হচ্ছে। গোবিন্দপুর মাঠপাড়ার শহিদ উল ইসলাম ওই জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছেন। তিনি এখন ওই মার্কেটের দোকানের পজেশন বিক্রি শুরু করছেন।

তবে শহিদ উল ইসলাম দাবি করেছেন, তিনি বৈধভাবেই মার্কেট নির্মাণ করছেন।

 সরেজমিনে দেখা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলের জমিতে এক সারিতে ১৮টি দোকান নির্মাণের কাজ চলছে। প্রতিটি দোকানের দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ ১২ ফুট। দোকানগুলোর সামনে আরও পাঁচ থেকে সাত ফুট জায়গা রাখা হয়েছে শেড নির্মাণের জন্য।

ইজারার চেয়ে বেশি জমি দখলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে শহিদ উল ইসলাম বলেন, অনেকেই রেলের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করেছেন। এ কারণে তিনিও রেলের জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। তবে অন্যরা ইজারা না নিয়ে দখলে নিলেও তিনি কিছু জমি ইজারা নিয়েছেন।

যোগসাজশ করে জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফিল্ড কানুনগো জিয়াউল হক বিষয়টি এড়িয়ে যান।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, এক বছরের জন্য জমি বন্দোবস্ত নিয়ে স্থায়ী অবকাঠামো বা মার্কেট নির্মাণের সুযোগ নেই। শহিদ উল ইসলামের জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া ও সেখানে স্থায়ী অবকাঠামোর বিষয়টি খতিয়ে দেখা হবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, বন্দোবস্ত নিয়ে রেলের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। কেউ করে থাকলে তা রেলের আইনানুযায়ী উচ্ছেদ করা হবে।