বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন এলাকায় রেলওয়ের আবাসিক ভবন (কোয়ার্টার) অবৈধভাবে দখল করে সামনের খোলা জায়গায় বাড়ি নির্মাণ চলছে। রেলওয়ের প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও ভূসম্পত্তি বিভাগের কর্মচারীদের যোগসাজশে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতরা এসব বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানান, শহরের ইয়ার্ড কলোনি, লোকো কলোনি, ড্রাইভার কলোনি, সাহেবপাড়া ও নিউ কলোনি মহল্লায় রেলওয়ে কোয়ার্টারের পাশের জায়গা অবৈধভাবে দখল করে একের পর এক আধপাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এসব এলাকার ৯০৮টি বাড়ির মধ্যে ৭০০ বাড়িই অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতদের অবৈধ দখলে রয়েছে। এসব বাড়ির আশপাশের খোলা জায়গায় দুই শতাধিক আধপাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলদারেরা এসব বাড়ি নির্মাণ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করছেন। আবার কেউ কেউ সেগুলো ভাড়া দিয়ে রাখছেন।
রেলওয়ে স্থানীয় প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, দখল হওয়া রেলওয়ের বাড়িগুলো তিন-চার প্রকারের। বেশির ভাগ বাড়ি দুই কক্ষবিশিষ্ট। এ ছাড়া এক কক্ষ, তিন কক্ষ ও দ্বিতল বাংলো রয়েছে। বাড়ি দখলের পর ওই দখলদারেরা বাড়ির আশপাশের পাঁচ-দশ শতক পর্যন্ত খোলা জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন।
সম্প্রতি সরেজমিনে সান্তাহার শহরের রেলওয়ে এলাকায় দেখা গেছে, বাড়ি ও জমি দেখভালের কাজে নিয়োজিত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর দপ্তরের মাত্র ১০০ গজের মধ্যেই স্টেশন কলোনিতে সবচেয়ে বেশি বাড়ি দখল ও নতুন বাড়ি নির্মাণ হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশির ভাগ রেল কর্মচারী তাঁদের বাসাবাড়ি দখলে রেখেছেন। অনেকেই তাঁদের বাড়ির পাশের জায়গা দখল করে আধপাকা বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে রেখেছেন। কোনো কোনো কর্মচারী বাড়ি ছাড়ার আগে স্থানীয় প্রকৌশল, ভূসম্পত্তি বিভাগ ও অবৈধ দখলদারদের সঙ্গে যোগসাজশ করে মোটা অঙ্কের বিনিময়ে বাড়ি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি ওই এলাকার রেল কর্মচারী আমজাদ হোসেন, রইসউদ্দীন রেলওয়ের বাড়ি ও আশপাশের জায়গা বিক্রি করে চলে গেছেন।
বহিরাগত দখলদার সিরাজুল, সোহরাব ও মিজানুর জানান, তাঁরা রেলের লোকজনকে টাকা দিয়ে এসব বাড়ি নির্মাণ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রেল কর্মচারী অভিযোগ করেন, স্থানীয় প্রকৌশলী (কার্য) মতিয়ার রহমান এবং তাঁর দপ্তরের কয়েকজন কর্মচারী রেলওয়ে বাড়ি ও জায়গা দখল-প্রক্রিয়ার সঙ্গে জড়িত।
অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী (কার্য) মতিয়ার রহমান বলেন, তিনি যোগদানের অনেক আগে থেকেই এখানে বাড়ি দখল ও নির্মাণ হয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেঞ্চদ বলেন, অচিরেই তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।