রেলের জমিতে কলেজ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ফিদা-আলী ইনস্টিটিউটের জমি দখল করে কলেজ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার ওই মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবির, বর্তমান প্যানেল মেয়র জিয়াউল হক, আওয়ামী লীগের নেতা জোবাইদুর রহমান, জাতীয় যুব সংহতির নেতা রওশন মাহানামা প্রমুখ।
বক্তারা বলেন, রেলওয়ে ফিদা-আলী ইনস্টিটিউট একটি শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর জমি দখল করে কলেজ প্রতিষ্ঠা করে বাণিজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ ব্যাপারে সিটি কলেজের প্রতিষ্ঠাতা কাজী ময়নুল ইসলাম বলেন, ‘আমি কোনো জমি দখল করিনি। তবে যেহেতু সংসদের বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী আমাকে নিষেধ করেছেন, তাই কলেজের ভবন নির্মাণ আপাতত বন্ধ রাখা হয়েছে।’