রেলের জমিতে দলীয় কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে রেলওয়ে জমিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয় গড়ে তোলা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে থানায় জয়পুরহাট স্টেশন মাস্টার এবং সদর থানায় পার্বতীপুর রেলওয়ে কার্যালয়ের কানুনগো আবদুল কাদের পৃথক দুটি অভিযোগ করেছেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের জয়পুরহাট স্টেশনের ইয়ার্ডের মধ্যে অবৈধভাবে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয় করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের কার্যালয়টি করা হয়েছে ছয় মাস আগে। নির্মাণাধীন অবস্থায় রয়েছে জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়। বাকি দলগুলোর কার্যালয় রয়েছে ১০-১৫ বছর ধরে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে টেলিকমিউনিকেশন বিভাগের দালানে জয়পুরহাট জেলা ছাত্রলীগের কার্যালয় স্থাপন করা হয়েছে। চারদলীয় জোট সরকারের সময় সেখানে ছাত্রদল ও বিগত তত্ত্বাবধায় সরকারের সময় জয়পুরহাট মূক ও বধির সংস্থার কার্যালয় ছিল। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মো. রাহিদ হোসেন এ বিষয়ে বলেন, জেলা ছাত্রলীগের কার্যালয় না থাকায় সেখানে তাঁরা অস্থায়ীভাবে কার্যালয় করেছেন। শহরের অন্যত্র জায়গা পেলে তাঁরা ওই ঘর ছেড়ে চলে যাবেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী দাবি করেন, কার্যালয়ের জায়গাটি তিনি তাঁর নামে রেলওয়ে থেকে ইজারা নিয়েছেন। জেলা বিএনপির সভাপতি ও সাংসদ মোজাহার আলী প্রধান জানান, তাঁদের কার্যালয়টি আগে একটি ক্লাবের ছিল। তাঁরা অনেক আগেই ওই জায়গায় দলীয় কার্যালয় করেছেন। জায়গাটি ইজারা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। জয়পুরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তিতাস মোস্তফা ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান দাবি করেন, দীর্ঘদিন আগে রেলওয়ে থেকে নিয়ম অনুসারে জায়গা ইজারা নিয়ে কার্যালয় করেছেন।জয়পুরহাটের স্টেশন মাস্টার শেখ আবদুল জব্বার জানান, স্টেশনের ইয়ার্ডের ভেতর ও রেলওয়ে ইয়ার্ড লাইনসংলগ্ন জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ জন্য সান্তাহার জিআরপি থানা ও সদর থানার পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পার্বতীপুর রেলওয়ে কার্যালয়ের সাবেক সার্ভেয়ার (বর্তমানে উল্লাপাড়ায় কর্মরত) আবদুল মোমিন জানান, তিনি ও অফিসের কানুনগো আবদুুল কাদের গত ৫ মে জয়পুরহাট সদর থানায় আওয়ামী লীগের কার্যালয়টি অবৈধ স্থাপনা হিসেবে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা জানান, রেলওয়ে থেকে কোনো অভিযোগ তিনি পাননি।