রেলের জমিতে মার্কেট ঘটা করে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের লেভেল ক্রসিংয়ের ঝুঁকিপূর্ণ স্থানে অবৈধভাবে নির্মিত মার্কেট উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কছিম উদ্দিন আহমেদ। গত সোমবার বিকেলে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে ও আলোকসজ্জা করে মার্কেটটির উদ্বোধন করা হয়।অবৈধভাবে এই মার্কেট নির্মাণ নিয়ে প্রায় দেড় মাস আগে প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক ও পাকশী বিভাগীয় ব্যবস্থাপকসহ (ডিআরএম) রেলওয়ে ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কেটস্থল পরিদর্শন করে প্রকাশিত সংবাদের সত্যতা পান। তাঁরা ওই মার্কেটসহ অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ভেঙে ফেলার ঘোষণা দেন। কিন্তু রহস্যজনক কারণে এ বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সুযোগে মার্কেটের কাজ শেষ করে ফেলা হয়। অভিযোগ উঠেছে, উেকাচের বিনিময়ে রেলওয়ে কর্তৃপক্ষ ওই দিকে আর যায়নি।আওয়ামী লীগের নেতা কছিম উদ্দিন বলেন, মার্কেটটি বৈধ না অবৈধ তা তাঁর জানা নেই। আর অবৈধ হলে সেটা নির্মাণ হলো কী করে। এ ক্ষেত্রে রেলওয়ে বিভাগ কী দায়িত্ব পালন করল। এ ব্যাপারে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক এ কে এম মাহাবুবুল আলম মোবাইল ফোনে বলেন, রেলওয়ের স্টেট বিভাগ বিষয়টি তদন্ত করছে। প্রতিবেদন এখনো তিনি পাননি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সান্তাহার জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রশিদ বলেন, মার্কেটটি সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের ঝুঁকিপূর্ণ জায়গায় তৈরি করা হয়েছে। এটি নির্মাণের সময় বাধা দেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে মার্কেটের মালিক আব্দুর রহমান দাবি করেন, রেলওয়ে স্টেট বিভাগ তাঁকে ক্ষতিপূরণ লাইসেন্স দিয়েছে।