রেলের জমির দখল ঠেকাতে লোহার বেড়া

রাজধানীর জুরাইন কাঁচাবাজার এলাকায় রেললাইনের দুপাশে অবৈধ দখল ঠেকাতে বেড়া দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বেড়া দেওয়া হচ্ছে রেলের পরিত্যক্ত লাইন দিয়ে।
স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে কর্তৃপক্ষের মতে, জুরাইন রেললাইনের দুপাশে বেড়া দেওয়ায় নতুন করে কেউ লাইন ঘেঁষে দোকান বসাতে পারবে না। এতে এই এলাকায় দুর্ঘটনা কমে আসবে।
‘জুরাইন রেললাইন ঘেঁষে বাজার, ঘটছে দুর্ঘটনা’ শিরোনামে গত ১১ অক্টোবর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। এরপর গত ১০ নভেম্বর রেলওয়ের ম্যাজিস্ট্রেট নুরন নবী কবিরের নেতৃত্বে জুরাইন রেললাইনের দুই পাশের অবৈধ সব দোকান উচ্ছেদ করা হয়। চলতি মাসের শুরুর দিকে বেড়া তৈরির কাজ শুরু হয়।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জুরাইন রেলফটক থেকে কাঁচাবাজারের পশ্চিম সীমানা এলাকা পর্যন্ত (ঢাকা-নারায়ণগঞ্জ লাইন) প্রায় এক কিলোমিটার এলাকায় রেললাইনের দুই পাশে বেড়া দিচ্ছেন প্রায় ২০ জন শ্রমিক। এতে রেলের পরিত্যক্ত লাইন ব্যবহার করা হচ্ছে। উত্তর পাশে বেড়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দক্ষিণ পাশের কাজ চলছে। রেললাইন থেকে দুই পাশে ১০ ফুট করে ২০ ফুট দূরে খুঁটি পোঁতা হচ্ছে। সীমানার ভেতর কোনো দোকানপাট দেখা যায়নি। তবে সীমানার বাইরে প্রায় ৫০টি অস্থায়ী ছোট কাঁচামালের দোকান দেখা গেছে। রেললাইন পার হতে প্রায় ২০০ ফুট দূরে দূরে বেড়া ফাঁকা রাখা আছে।
কাঁচাবাজার থেকে সবজি ও মাছ কিনে বাসায় যাচ্ছিলেন পশ্চিম জুরাইনের বাসিন্দা সোহেল রানা। তিনি বলেন, রেললাইন ঘেঁষে কাঁচাবাজার থাকায় প্রায়ই জুরাইনে দুর্ঘটনা ঘটত। তবে গত মাসে অবৈধ সব দোকানপাট উচ্ছেদের পর আর কোনো দুর্ঘটনা ঘটেনি।
লোহার বেড়ার দক্ষিণ পাশে আলু, টমেটো, কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছিলেন অস্থায়ী দোকানি মো. ফরহাদ। তিনি বলেন, আগে রেললাইন ঘেঁষে দোকান ছিল। উচ্ছেদের পর সীমানার ভেতর আর কেউ দোকান নিয়ে বসেন না। এখন দোকানেও মালামাল কম। পুলিশ আবার উচ্ছেদ করতে এলে মালামাল সরিয়ে নিতে বেশি সময় লাগবে না।
জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (১) মহিউদ্দিন আরিফ প্রথম আলোকে বলেন, রেললাইনের দুই পাশ ঘেঁষে অবৈধ দোকানপাট বসানো ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পরিত্যক্ত রেললাইন সংগ্রহ করে বেড়ার কাজে ব্যবহার করা হচ্ছে।