রেলের জলাশয় আ.লীগ নেতার দখলে উদ্ধারে গণদরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লায় রেলওয়ের একটি জলাশয়ের বিশাল অংশ দখল করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা। জলাশয়টি উদ্ধারে এলাকাবাসী রেলওয়ের ভূমি বিভাগের কাছে গতকাল বৃহস্পতিবার একটি গণদরখাস্ত দিয়েছেন।
দরখাস্তে বলা হয়েছে, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে বের হওয়া বড় নর্দমাটির পাশে জলাশয়ের বিশাল অংশ দখল করে সেখানে টিনের বেড়া দেওয়া হয়েছে। দখলকারী হিসেবে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের নেতা জোবায়দুর রহমান ওরফে শাহীনের নাম উল্লেখ করা হয়।
দরখাস্তকারীদের অন্যতম আবদুস সাত্তার। তিনি জানান, জোবায়দুর রহমান ওরফে শাহীন এলাকায় প্রভাবশালী ব্যক্তি। ওই নেতা রেলওয়ের অনেক জায়গা দখল করেছেন। এর আগে তিনি রেলওয়ের জমি দখল করে গরু-ছাগলের খামার গড়ে তোলেন। নতুন করে জলাশয়ের জমি দখল করায় শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড তথা বাঁশবাড়ী এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন জানান, জলাশয়টি দখল হওয়ায় এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হবে।
জলাশয় দখলের কথা অস্বীকার করে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জোবায়দুর রহমান জানান, রেলওয়ের পতিত সম্পত্তি অনেকেই ব্যবহার করছেন। কেউ কেউ পাকা বাড়ি বানিয়ে সেখানে বসবাসও করছেন। কল-কারখানাও গড়ে উঠেছে রেলওয়ের জায়গায়। তিনি বলেন, ‘ওই জায়গাটিতে আমি গরুর খামার করতে চাই, এতে দোষ কী?’
সৈয়দপুর রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) গোলাম মোস্তফা জানান, বাঁশবাড়ীতে জলাশয় দখলের কথা তাঁরা জেনেছেন। দখলকারী যতই প্রভাবশালী হোন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।