রেলের জলাশয় দখল করে মাটি ভরাট
নীলফামারীর সৈয়দপুর সদরের বাঁশবাড়ি মহল্লায় রেলওয়ের জলাশয় দখল করে মাটি ভরাট করা হচ্ছে। আনোয়ারুল হক (৩০) নামের এক ব্যক্তি ওই জলাশয় ভরাট করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকাবাসী বাধা দিলেও তিনি জলাশয় ভরাট অব্যাহত রেখেছেন। এ নিয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আনোয়ারুল ট্রাকে করে মাটি এনে ওই জলাশয়ে ফেলছেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী মাটি ভরাটে বাধা দেন। এ কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আনোয়ারুলের সঙ্গে কথা বললে তিনি নিজেকে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হকের ভাতিজা পরিচয় দিয়ে বলেন, ‘জলাশয়ের ৭৫ শতাংশ জায়গা আমি ইজারা নিয়েছি।’ কিন্তু জলাশয় ভরাট রেলওয়ে বিধিপরিপন্থী—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখানে আমি মাটি ভরাট করে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়তে চাই। এ জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’ তবে তিনি এর সপক্ষে কোনো প্রমাণ বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
বাঁশবাড়ি মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমরা ওই জলাশয়ে মাটি ভরাটে বাধা দিয়েছি। কিন্তু আনোয়ারুল তাঁদের বাধা উপক্ষো মাটি ভরাট অব্যাহত রেখেছেন।’
তবে আশরাফুল হক জানান, ওই জলাশয় তাঁর বড় ভাই শামসুল হকের নামে ইজারা রয়েছে। তাঁর মৃত্যুর পর ভাতিজা আনোয়ারুল হক সেখানে কিছু করতে চান। এ নিয়ে আর কিছু বলতে চাননি তিনি।
সৈয়দপুর রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) গোলাম মোস্তফা বলেন, ‘রেলওয়ে বিধি লঙ্ঘন করে জলাশয়ে মাটি ভরাট করা হচ্ছে। যদি জলাশয়টির বৈধ ইজারাও কেউ পেয়ে থাকেন, সে ক্ষেত্রে তা ভরাট করা আইনত দণ্ডনীয়। কাজেই আমরা বাধা দিতে এসেছি। এ ছাড়া দখলদার আমাদের ইজারাসম্পর্কিত কোনো প্রমাণ দেখাতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’