রেলের জায়গায় ট্রাকের পার্কিং
চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের ১০ হাজার বর্গফুট জমি অবৈধভাবে দখল করে ট্রাক রাখার জায়গা (পার্কিং স্পট) হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক বন্দোবস্তকারী সমিতির নেতাদের সহায়তায় জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন সম্প্রতি ইট-বালু ফেলে স্থানটিকে ট্রাক রাখার জায়গা হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে স্টেশন মাস্টার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দোকানঘর নির্মাণের জন্য ১৯৮৬ সাল ও এর পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ ৯০০ বর্গফুট জমি বন্দোবস্ত দেয়। ট্রাক বন্দোবস্তকারী সমিতির সভাপতি মো. নাসিম ও সাধারণ সম্পাদক সোনারদি মোড়ল ওই জমি বন্দোবস্ত নেন। রেলওয়ে চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মনিরুল ইসলাম অভিযোগ করেন, নাসিম ও সোনারদি রেলওয়ের কাছ থেকে জমি বন্দোবস্ত নিয়ে অতিরিক্ত ১০ হাজার বর্গফুট জমি দখল করেছেন। ওই জমি তাঁরা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছেন। জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে স্টেশনের পশ্চিমে রেললাইনের পাশের ওই অতিরিক্ত জমিকে ট্রাক রাখার জায়গা হিসেবে ব্যবহার করছে। ওই স্থানটিতে ইট-বালু ফেলে জায়গা ভরাট করা হয়েছে। মনিরুল ইসলাম জানান, মৌখিকভাবে নিষেধ করার পরও তাঁরা নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। তিনি এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। সদর থানার ওসি বজলুর রশিদ স্টেশন মাস্টারের লিখিত অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন, কোন প্রক্রিয়ায় ওই জায়গা দখল হয়ে আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মো. নাসিম বলেন, ‘আমরা বন্দোবস্তকৃত ৯০০ বর্গফুট জমি ব্যবসায়ীদের হস্তান্তর করেছি। ফাঁকা পড়ে থাকায় রেলের অতিরিক্ত জমিতে ড্রাইভাররা ট্রাক রাখেন। সম্প্রতি জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন জায়গা ভরাট করে ইট বিছিয়ে ট্রাক পার্কিং তৈরি করছে। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
তবে জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, ‘ওই স্থানটি অনেক দিন ধরেই আন্তজেলা ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহূত হয়ে আসছে। সেটি ট্রাক বন্দোবস্তকারী সমিতিই ভোগদখল করে আসছে। স্থানটিতে পানি জমে থাকত বলে আমরা জায়গাটি ভরাট করেছি। সেটা যদি রেলের জমি হয়ে থাকে, তবে তারা সেটা দখলে নিক। এতে আমাদের কোনো আপত্তি নেই।’
রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমরা রেলের ওই ফাঁকা জায়গাটিতে ইট-বালু ফেলতে নিষেধ করেছি। নিষেধাজ্ঞা না মানলে ওই জায়গা ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’