রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট উড়ালসেতুর নিচে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। রেলওয়ের বিভাগীয় উপভূসম্পদ কর্মকর্তা মো. মহিউদ্দিন অভিযানে অংশ নেন।
দেওয়ানহাট এলাকায় রেললাইনের দুই পাশে রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। অবৈধ দোকানপাটের পাশাপাশি সেখানে বসতিও স্থাপন করেন লোকজন। এসব স্থাপনায় মাদক ব্যবসা থেকে শুরু করে নানা রকম অপকর্ম হতো বলে জানান স্থানীয় লোকজন।
জানা গেছে, সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় মাইকিং করে সবাইকে এলাকা থেকে সরে যেতে বলা হয়। বাসিন্দাদের কেউ কেউ এই উচ্ছেদের প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয়নি।
তবে রেলওয়ের উপভূসম্পদ কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, উচ্ছেদের কয়েক দিন আগে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পুলিশ সুপারের বাসভবনের আশপাশ থেকে কিছু অবৈধ দোকান উচ্ছেদ করেন।