রেলের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ
চট্টগ্রাম সিআরবি-সংলগ্ন গোয়ালপাড়া রেলের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা উচ্ছেদ অভিযান চলে। অভিযানে ১১ প্লাটুন পুলিশ সহযোগিতা করে।
গতকাল উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন। অভিযান বাস্তবায়নে তদারক করেন রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ও উপসচিব মো. জসিম উদ্দিন। গত দেড় যুগের মধ্যে ওই এলাকায় এই প্রথম সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
পুলিশের সহযোগিতায় গোয়ালপাড়ায় অবৈধ বসতঘর ও বস্তি সরিয়ে দেওয়ার কাজ শুরু হয় সকালের দিকে। এর পর বসতঘরের মালিকেরা নিজ উদ্যোগে ঘরের বেড়া-চালা ও জিনিসপত্র সরিয়ে নেন। এঁদের মধ্যে বেশির ভাগ নিম্ন আয়ের লোক।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে আসা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গোয়ালপাড়ার অবৈধ বস্তিতে মিটার ছাড়া বিদ্যুৎ, পানি ও গ্যাস ব্যবহার হয়ে আসছে। এ ছাড়া কিছু সন্ত্রাসীর আবাসস্থল এই বস্তিগুলো। গোয়ালপাড়া ও সিআরবি এলাকায় কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি নিজেই তিনটি ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করি।’
মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন নামের বস্তির দুই বাসিন্দা জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবনের পূর্ব দিকে গোয়ালপাড়া ও পাশের এলাকায় প্রায় চার হাজার অবৈধ বসতঘর ও বস্তি রয়েছে। সেখানে মিটার ছাড়া বিদ্যুৎ, পানি ও গ্যাস ব্যবহারের কথাও এই দুজন স্বীকার করেন। তাঁদের অভিযোগ, রেলের কিছু কর্মকর্তাকে বস্তির লোকজন ভাড়া দেয়।
ভাড়া লেনদেনের অভিযোগ অস্বীকার করেন পার্শ্ববর্তী বাংলোর এক বাসিন্দা। বাংলোর বাসিন্দা ও রেলের এই পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘বস্তিবাসীদের কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে অবরুদ্ধ জীবনযাপন করতাম। আমাদের সন্তানেরা বাইরে বের হতে পারে না। এ ছাড়া বাংলোগুলোতে চুরির প্রবণতাও বেড়ে গিয়েছিল।’
রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ও উপসচিব মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রেলের জায়গায় অবৈধ বসতঘর ও বস্তি বানিয়ে শত শত পরিবার বসবাস করছে। আমরা প্রথম দফায় দুই শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ করেছি।’